তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি, কেবল ব্লু ব্যাজ আইডিটিই অফিসিয়াল
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা
- জহির উদ্দিন স্বপনের ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া পেজ পরিচালনা
- মন্ত্রীর নামে কেবল একটিই ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট চালু রয়েছে
- বিভ্রান্তিকর কনটেন্ট না মানতে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা প্রকাশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সক্রিয় রয়েছে। এসব অননুমোদিত সাইবার হ্যান্ডেল থেকে মন্ত্রীর নামে বিভিন্ন মন্তব্য, অনাকাঙ্ক্ষিত গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণরূপে বেআইনি, নীতিহীন এবং ডিজিটাল নিরাপত্তার জন্য এক বড় হুমকি।
বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জরুরি সতর্কীকরণ বার্তা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সর্বসাধারণের অবগতির জন্য স্পষ্ট করা হয়েছে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে কেবল একটিমাত্র ভেরিফায়েড (ব্লু ব্যাজসহ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এই একমাত্র অফিশিয়াল আইডি ছাড়া অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে মন্ত্রীর কোনো ধরনের সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
ডিজিটাল প্ল্যাটফর্মে সাইবার জালিয়াতি ও অপতথ্য প্রতিরোধে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। একই সাথে সর্বসাধারণ ও গণমাধ্যমকর্মীদের এসব ভুয়া পেজ বা অ্যাকাউন্ট থেকে প্রচারিত যেকোনো তথ্য বা কনটেন্ট আমলে না নেওয়ার এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এর আগে জাতীয় সংসদের অধিবেশনে তথ্যমন্ত্রী নিজেই জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টির বেশি বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব ভুয়া আইডি ও অপপ্রচার বন্ধে সাইবার সিকিউরিটি জোরদারসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
//ডিবিটেক/আইএইচআই/এসএমই//





