ওয়েবসাইট, সামাজিক মাধ্যম ও এআইভিত্তিক সাংবাদিকতা প্রশিক্ষণের তথ্য সংসদে

অপতথ্য শনাক্তে নজরদারি ও ফ্যাক্টচেক জোরদার

অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় ফ্যাক্টচেকিং কার্যক্রম, সাংবাদিক প্রশিক্ষণ এবং ডিজিটাল পর্যবেক্ষণ উদ্যোগের তথ্য তুলে ধরেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংসদে জানানো হয়েছে, একাধিক ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও শনাক্ত করা হয়েছে।

অপতথ্য শনাক্তে নজরদারি ও ফ্যাক্টচেক জোরদার
২২ জুন, ২০২৬ ২৩:৪০  

অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তথ্য যাচাই, সাংবাদিক প্রশিক্ষণ এবং ডিজিটাল পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করার তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংসদে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, সংবাদমাধ্যমের অনুকরণে পরিচালিত কিছু ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ইউনিট ‘বাংলাফ্যাক্ট’ অপতথ্য শনাক্ত ও তথ্য যাচাই কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাংলাফ্যাক্ট ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী কনটেন্ট এবং অনুসন্ধানভিত্তিক প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ২২৯টি কনটেন্ট।

তিনি জানান, সংবাদপত্র ও টেলিভিশনের উপস্থাপনভঙ্গি অনুসরণ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে—এমন ১৬টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য কনটেন্ট প্রকাশ করছে।

সাংবাদিকদের সক্ষমতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পিআইবি দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করছে। এসব প্রশিক্ষণে গুজব মোকাবিলা, ফ্যাক্টচেকিং পদ্ধতি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সেশন অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, গণমাধ্যমকর্মীদের জন্য একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশের প্রস্তুতি চলছে। পাশাপাশি গণমাধ্যমে তথ্যপ্রবাহ ও প্রভাব বিশ্লেষণ নিয়ে গবেষণামূলক প্রকাশনাও আনা হয়েছে।

//ডিবিটেক/বিটি/ডিএইচই//