সিএসই রিসার্চ ডে–তে এআই, কোয়ান্টাম কম্পিউটিং ও আন্তঃবিষয়ক উদ্ভাবন নিয়ে আলোচনা

গবেষণা থেকে ভবিষ্যৎ কম্পিউটিংয়ে ব্র্যাকের নতুন সংযোগ

ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত সিএসই রিসার্চ ডে ২০২৬–এ ভবিষ্যৎ কম্পিউটিং, আন্তঃবিষয়ক গবেষণা এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে আলোচনা হয়েছে। এতে শিক্ষার্থী, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

গবেষণা থেকে ভবিষ্যৎ কম্পিউটিংয়ে ব্র্যাকের নতুন সংযোগ
২২ জুন, ২০২৬ ২০:৩২  

গবেষণা, ভবিষ্যৎ কম্পিউটিং এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশ নেন।

আয়োজনটির মূল আলোচনায় উঠে আসে—কম্পিউটার সায়েন্সভিত্তিক গবেষণাকে কীভাবে অন্যান্য জ্ঞানশাখার সঙ্গে সংযুক্ত করে বাস্তব সমস্যার সমাধান তৈরি করা যায়। বিশেষ করে জনস্বাস্থ্য, বায়োটেকনোলজি, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আন্তঃবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

দিনব্যাপী বিভিন্ন প্যানেল আলোচনা, বিশেষজ্ঞ সেশন এবং কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বায়োইনফরমেটিকস, ইউজেবল সিকিউরিটি, প্রাইভেসি, কম্পিউটার ভিশন, রোবোটিকস, ব্লকচেইন, কোয়ান্টাম কম্পিউটিং, হিউম্যান–কম্পিউটার ইন্টারঅ্যাকশন এবং আইসিটি ফর ডেভেলপমেন্ট বিষয়গুলো আলোচনায় আসে।

সফটওয়্যার প্রকৌশল, ইন্টার্নশিপ এবং শিক্ষার্থী প্রকল্পভিত্তিক একটি বিশেষ সেশনে শিল্পখাতের প্রত্যাশা, দক্ষতা উন্নয়ন এবং অ্যাকাডেমিক কাজকে ব্যবহারযোগ্য পোর্টফোলিওতে রূপ দেওয়ার কৌশল তুলে ধরা হয়। আলোচনায় সমস্যা সমাধান সক্ষমতা এবং ইঞ্জিনিয়ারিং চিন্তাধারার গুরুত্বও গুরুত্ব পায়।

গবেষণাভিত্তিক অন্যান্য সেশনে ভাষা প্রযুক্তি, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, বায়োলজিক্যাল ডেটা বিশ্লেষণ, নিরাপত্তা ও প্রাইভেসি এবং মানবকেন্দ্রিক প্রযুক্তি উন্নয়ন নিয়ে চলমান কাজ উপস্থাপন করা হয়। পাশাপাশি ইন্টেলিজেন্ট ভিজ্যুয়াল সিস্টেম, অটোনোমাস প্রযুক্তি এবং সিকিউর কম্পিউটিং নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

হিউম্যান–কম্পিউটার ইন্টারঅ্যাকশন এবং আইসিটি ফর ডেভেলপমেন্ট ট্র্যাকের অধীনে ইন্টারঅ্যাকটিভ কর্মশালায় শিক্ষার্থীরা বাস্তব সমস্যা শনাক্তকরণ, গবেষণা ধারণা তৈরি এবং তা বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার অনুশীলনে অংশ নেন।

সমাপনী পর্বে ‘বেস্ট থিসিস অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা গবেষণাকে সামাজিক পরিবর্তন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরেন।

//ডিবিটেক/এফএফ/ডিএইচই//