ফাতেমার সঙ্গে তারেক রহমানের ছবি এআই দিয়ে তৈরি

ফাতেমার সঙ্গে তারেক রহমানের ছবি এআই দিয়ে তৈরি
৩ জানুয়ারি, ২০২৬ ২০:১১  

ডাইনিং টেবিলে বসে তারেক রহমানের পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম। নেটদুনিয়ায় এমন একটি ছবিযুক্ত পোস্ট বেশ ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ছবিটি এআই দিয়ে তৈরি। 

রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে,  ‘12মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ২ জানুয়ারি দুপুরে প্রথম প্রকাশ করা হয়। মূল ছবিটির এক কোণে এআই দিয়ে তৈরি লেখা থাকলেও এই লেখা কেটে এমনকি লেখা থাকার পরও তা বাস্তব দাবিতেই প্রচার করছেন অনেকে। অনেকেই ছবিটি ফেসবুকে শেয়ার দিয়ে লিখছেন, তারেক রহমান কি মহান মানুষ দেখছেন। তিনি তাঁর পরিবারের সঙ্গে ফাতেমাকে নিয়ে খাবার খাচ্ছেন। বোনের স্বীকৃতি দিয়েছেন। ছবিতে এআই সংক্রান্ত তথ্যের অংশটি কেটে, এমনকি লেখা থাকার পরও তা বাস্তব দাবিতেই প্রচার করছেন অনেকে। দায়িত্বশীল অনেক ব্যক্তিকেও ছবিটি ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।

৩ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পোস্টটিতে প্রায় ৮৫ হাজার রিঅ্যাকশন  এবং ৯ হাজার ২০০-এর বেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করতে দেখা গেছে। এরপর কয়েকটি ইউটিউব চ্যানেল (,) একই ধরনের দাবিতে ভিডিও বানিয়ে পোস্ট দেয়া হয়েছে।

পর্যবেক্ষণে ছবিটিতে কয়েকটি অসঙ্গতি স্পষ্ট। প্রথমত, ছবিতে দেখা যাচ্ছে খাবার পরিবেশন করা হয়েছে স্টিলের থালায় ‘ইন্ডিয়ান থালি/বোল’ স্টাইলে, যা সাধারণত ভারতীয় ডাইনিং সেটআপের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

দ্বিতীয়ত, উপস্থিত ব্যক্তিদের পোশাক একেকজনের একেক ধরনের উপলক্ষ বা সেটিংয়ের (অফিস আইডিসহ কোট, আনুষ্ঠানিক ওড়না, ফরমাল ব্লেজার)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের ছবির পোশাকের সঙ্গে খাবার টেবিলের প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

ছবিটি ভাইরাল হওয়ার পর ‘12মায়া বিনোদন’ নামের পেজটি থেকে একইদিন তাদের একই পোশাকের আরো দুইটি এআই ছবি প্রকাশ করা হয়। এর একটি এখানে অপরটি দেখুন এখান থেকে।   

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’, ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরি বলে নিশ্টিত হওয়া গেছে।  হাইভ মডারেশনে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৭২ দশমিক ২ শতাংশ।  ডিপফেক-ও-মিটার বলছে, কমপক্ষে ৮৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৮ শতাংশ পর্যন্ত এআই জেনারেটেড সম্ভাবনা আছে। 

ভাইরাল হওয়া দ্বিতীয় ছবি যেখানে তারেক রহমান ফাতেমার মাথায় হাত রেখে দোআ করছে বলছে ওই ছবিটিও আসল নয়। ‘হাইভ মডারেশন’ এ দেখা গেছে, এটি ৯৭ দশমিক ২ শতাংশ ক্ষেত্রেই এআই দিয়ে তৈরি। একইসঙ্গে ওই ছবিটি ব্যবহার করে এ নিয়ে ইউটিউবে আপলোডকৃত ভিডিওটিও সত্য নয় বলে নিশ্চিত হওয়া গেছে। ওই ভিডিওতে বলা হয়েছে, কাজের মেয়ে ফাতেমাকে বোনের স্বীকৃতি দিয়েছেন তারেক রহমান। তবে এ নিয়ে মূলধারার গণমাধ্যমে কোনো সংবাদ এখন পর্যন্ত প্রকাশ পায়নি।  

এ থেকে স্পষ্ট, ছড়িয়ে পড়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা ম্যানিপুলেটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এআই দিয়ে তৈরি ছবিকে তারেক রহমানের পরিবারের সাথে এক টেবিলে ফাতেমার খাবার খাওয়ার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

ডিবিটেক/আইএইচ/ইকে