সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া: বাঁচছে বিপুল সরকারি অর্থ

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ তে ২.৪৯ মেগাওয়াট পিক ক্ষমতার সোলার সিস্টেম চালুর পর মে মাসের ৫ লাখ টাকার বিদ্যুৎ বিল জুনে নেমে এসেছে শূন্যে। বাঁচছে বিপুল সরকারি অর্থ।

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া: বাঁচছে বিপুল সরকারি অর্থ
১০ জুন, ২০২৬ ১১:৪৭  

দেশের মেগা অবকাঠামো পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় পরিবেশবান্ধব গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ তে ২.৪৯ মেগাওয়াট পিক (MWp) ক্ষমতার একটি অত্যাধুনিক সোলার সিস্টেম সফলভাবে স্থাপন ও চালু করা হয়েছে। নেট মিটারিং পদ্ধতির এই সোলার সিস্টেমটি চালু হওয়ার ফলে ইতিমধ্যেই সেতু এলাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে।

সূত্র বলছে, দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রীর ভিশনকে বাস্তবে রূপ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেতু কর্তৃপক্ষ। এই সফল প্রয়োগের বিষয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, “পদ্মা সেতুর মতো জাতীয় স্থাপনায় সৌরবিদ্যুতের এই ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিদ্যুৎ বিলের খরচই কমাচ্ছে না, বরং পরিবেশ রক্ষায় এবং কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখছে।”

জানাগেছে, সার্ভিস এরিয়া-২ তে স্থাপিত এই সোলার সিস্টেমে উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সাথে যুক্ত করা হয়েছে। দিনের আলোতে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করে অতিরিক্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের সাথে দিনের বেলা সরবরাহকৃত বিদ্যুতের হিসাব সমন্বয় করা হচ্ছে। এর ফলে সার্ভিস এরিয়ার সামগ্রিক বিদ্যুৎ বিল বিপুল পরিমাণ হ্রাস পেয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সার্ভিস এরিয়া-২ এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে চলতি জুন ২০২৬ মাসে কোনো বিদ্যুৎ বিলই আসেনি, শুধুমাত্র ডিমান্ড চার্জ বাবদ ৭৫,৭১৪ টাকা বিল এসেছে। অথচ গত মে মাসে এখানে বিদ্যুৎ বিল ছিল ৫,২১,০৬৪ টাকা। মে মাসে সৌর প্যানেল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে ৫৪,০০০ ইউনিট (Kwh) বিদ্যুৎ, বিপরীতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ থেকে ব্যবহার করা হয়েছে ৩৪,০০০ ইউনিট। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এখনো ২০,০০০ ইউনিট বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে। উল্লেখ্য, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩ মিলিয়ে মোট ৬.০৩ মেগাওয়াট ক্ষমতার সোলার সিস্টেম রয়েছে, যার মধ্যে বাকি দুটি এরিয়াতেও নেট মিটারিং চালুর কার্যক্রম চলমান আছে।

//ডিবিটেক/ এমএআর/ এমআই//