চট্টগ্রামে এআই ও বায়োমেট্রিক্স প্রযুক্তিসমৃদ্ধ থ্রি তেসলা এমআরআই মেশিন চালু

চট্টগ্রামে এআই ও বায়োমেট্রিক্স প্রযুক্তিসমৃদ্ধ থ্রি তেসলা এমআরআই মেশিন চালু
৩ জুন, ২০২৬ ১৭:১১  

চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বায়োমেট্রিক্স প্রযুক্তিসমৃদ্ধ ১৮০ চ্যানেলের ‘ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন’ থ্রি তেসলা এমআরআই মেশিন। নগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড–এর চট্টগ্রাম শাখায় ৩ জুন, বুধবার আনুষ্ঠানিকভাবে এ মেশিন চালু করা হয়।

মেশিনটির উদ্বোধন করেন ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে জটিল ও নতুন ধরনের রোগের প্রকোপ বাড়ছে। এসব রোগের কার্যকর চিকিৎসার জন্য নির্ভুল রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সরঞ্জাম রোগ শনাক্তকরণকে আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করে তুলেছে।

তিনি বলেন, অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক কেন্দ্র উল্লেখ করে মেয়র বলেন, এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান জানান, নতুন এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় কম সময়ে করা যাবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তি সংযোজন করা হবে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড–এর চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কনসালট্যান্ট ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/ডিবিটেক/এসআই/ইকে/