ফ্ল্যাগশিপ ‘ভি৪ প্রো’ মডেলের দাম ৭৫% কমাল ডিপসিক

ফ্ল্যাগশিপ ‘ভি৪ প্রো’ মডেলের দাম ৭৫% কমাল ডিপসিক
২৪ মে, ২০২৬ ০৯:৪০  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক বাজারে টিকে থাকতে এবং অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টেক্কা দিতে এক অভূতপূর্ব মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে চীনা এআই স্টার্টআপ ‘ডিপসিক’। প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ মডেল ‘ডিপসিক ভি৪ প্রো’-এর মূল্য স্থায়ীভাবে আগের চেয়ে চার ভাগের এক ভাগে (৭৫ শতাংশ কম) নামিয়ে এনেছে।

এর আগে মে মাসের ৩১ তারিখ পর্যন্ত এই মূল্যছাড় সাময়িক প্রমোশন হিসেবে ঘোষণা করা হলেও, বাজার ধরার তীব্র প্রতিযোগিতায় এখন একে চিরস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর মাধ্যমে এআই বাজারে নিজেদের সবচেয়ে ‘সাশ্রয়ী’ বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে ডিপসিক।

প্রতি মিলিয়ন টোকেনের খরচ এখন নামমাত্র
ডিপসিক-এর অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নতুন মূল্য নির্ধারণের পর এখন প্রতি ১ মিলিয়ন (১০ লাখ) টোকেনের জন্য গ্রাহকদের খরচ হবে মাত্র ০.০০৩৬২৫ ডলার থেকে ০.৮৭ ডলার পর্যন্ত। অথচ এর আগে এই একই পরিমাণ টোকেনের জন্য ব্যবহারকারীদের খরচ করতে হতো ০.০১৪৫ ডলার থেকে ৩.৪৮ ডলার।

নিজেদের ‘ভি৪ প্রো’ এবং ‘ভি৪ ফ্ল্যাশ’ মডেল উন্মোচনের মাত্র এক মাসের মাথায় এই বিশাল মূল্য হ্রাসের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। চ্যাটবটটি বাজারে আনার সময় ডিপসিক দাবি করেছিল যে, তারা এআই প্রযুক্তিতে ‘১ মিলিয়ন কনটেক্সট লেন্থ’-এর এক সাশ্রয়ী যুগের সূচনা করতে যাচ্ছে।

বড় বড় এআই কোম্পানির কপালে চিন্তার ভাঁজ
ডিপসিক-এর এই আগ্রাসী মূল্যছাড়ের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে বিভিন্ন করপোরেট বা এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট এবং ‘পাওয়ার ইউজার’ বা বড় বড় ডেভলপাররা, যাদের প্রতিদিন কোটি কোটি টোকেন ব্যবহার করতে হয়। একই সাথে এই সিদ্ধান্ত ওপেনএআই-এর ‘জিপিটি-৫’ কিংবা গুগলের সদ্য অবমুক্ত হওয়া ‘জেমিনি ৩.৫ ফ্ল্যাশ’-এর মতো জনপ্রিয় ও ব্যয়বহুল মডেলগুলোর সামনে এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ডিপসিক-এর এই ‘প্রাইস আন্ডারকাটিং’ বা বাজারমূল্য ভাঙার নীতি মার্কিন এআই জায়ান্টগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে ‘অ্যানথ্রোপিক’-এর মতো প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানকে এটি আরও ক্ষুব্ধ করতে পারে, যারা ইতিপূর্বেই এই চীনা স্টার্টআপটির বিরুদ্ধে তাদের তৈরি ‘ক্লড’ মডেল থেকে চাতুর্যের সাথে ডেটা চুরির অভিযোগ এনেছিল।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট