ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ১৪ কর্মকর্তার বদলি
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর-এর ১৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। ১২ মে, মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও সংযুক্ত হওয়া কর্মকর্তাদের আগামী ১৭ মে পূর্বাহ্নের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান কার্যালয়ের হিসাব শাখার উপপরিচালক বিপুল কুমার গোস্বামীকে চট্টগ্রাম চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত উপপরিচালক মো. নুরুল হুদাকে ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলেও তিনি হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করবেন।
এছাড়া ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাঈম মাসুমকে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মো. আফজাল হোসেনকে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শরিফুল ইসলামকে প্রধান কার্যালয়ের হিসাব শাখায় সংযুক্ত করা হয়েছে। উত্তরা পার্সোনালাইজেশন কমপ্লেক্সে সংযুক্ত উপপরিচালক মুরাদ চৌধুরীকে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদকে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে উত্তরা বেসিক ক্লিয়ারেন্স শাখার পার্সোনালাইজেশন কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত উপপরিচালক মো. জামাল হোসেনকে রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে বদলি করা হয়েছে।
সহকারী পরিচালক পর্যায়ে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের মো. আবজাউল আলমকে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং প্রধান কার্যালয়ের প্রশাসন শাখার মো. সালেহ উদ্দিনকে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জেবুন্নাহার পারভীনকে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করে উত্তরা বেসিক ক্লিয়ারেন্স শাখায় সংযুক্ত করা হয়েছে।
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইনকে নিজ কর্মস্থলে বহাল রেখে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামকে ঢাকা প্রধান কার্যালয়ের প্রশাসন শাখায় এবং মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহকে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে।
ডিবিটেক/এসএ/ইকে



