৩৭০০০ কোটি টাকায় 

বোয়িংয়ের ১৪ প্লেন কিনতে চুক্তি ৩০ এপ্রিল

ঢাকা-চট্টগ্রাম রুটে  একটি ফ্লাইট বাতিল, অপর ফ্লাইট গেলো কক্সবাজার

বোয়িংয়ের ১৪ প্লেন কিনতে চুক্তি ৩০ এপ্রিল
২৯ এপ্রিল, ২০২৬ ১৮:৪৩  
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:১৯  

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।   ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (৩৭ হাজার কোটি টাকা) ১৪টি নতুন বিমান কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট। এরমধ্যে প্রশস্ত বডির ড্রিমলাইনার বিমানগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে সেবা সম্প্রসারণে ব্যবহৃত হবে। অন্যদিকে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে চালানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে প্রকাশ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও খাত সংশ্লিষ্টদেের উপস্থিতিতে বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি।  

বিমান সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকবেন।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে ২৯ এপ্রিল, মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে। একই সঙ্গে একটি অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারে ডাইভার্ট করা হয় এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে প্রকাশ, চীনের সিচুয়ান এয়ারলাইনসের চেংডু থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইট সিএসসি-৯৮৫১ বৈরী আবহাওয়ার কারণে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী বিএস-১০১ ফ্লাইটটিও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে চলে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-৬১৫/৬১৬ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

এ নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার চট্টগ্রামে আকাশপথেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

ডিবিটেক/এনএ/এমইউএম