এআই সার্চের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব
ইউটিউবে ভিডিও খোঁজার অভিজ্ঞতাকে আরও সহজ ও প্রাণবন্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তিনির্ভর নতুন একটি সার্চ মোড পরীক্ষা করছে গুগল। ‘আস্ক ইউটিউব’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন কেবল টাইপ করেই নয়, বরং ইউটিউবের সাথে অনেকটা কথোপকথনের ঢঙে প্রশ্ন করে প্রয়োজনীয় ভিডিও খুঁজে পাবেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এনগ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
‘আস্ক ইউটিউব’ কীভাবে কাজ করবে?
ইউটিউব ল্যাবস-এর তথ্য অনুযায়ী, এই ফিচারে ব্যবহারকারীরা জটিল সব প্রশ্ন করতে পারবেন। যেমন— ‘সান ফ্রান্সিসকো থেকে সান্তা বারবারা পর্যন্ত ৩ দিনের একটি রোড ট্রিপের পরিকল্পনা করে দাও।’ এর জবাবে ইউটিউব কেবল ভিডিওর তালিকা দেবে না, বরং টেক্সট বা বার্তার মাধ্যমে একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপও তৈরি করে দেবে। সেই সাথে ওই তথ্যের সপক্ষে সংশ্লিষ্ট ভিডিও এবং ভিডিওর ঠিক কোন অংশে তথ্যটি আছে তার ‘টাইমস্ট্যাম্প’ও যুক্ত করে দেবে।
ব্যবহারকারী চাইলে প্রথম উত্তরের পর আরও বিস্তারিত জানতে ‘ফলো-আপ’ বা সম্পূরক প্রশ্নও করতে পারবেন।
কারা ব্যবহার করতে পারবেন?
বর্তমানে এটি একটি পরীক্ষামূলক ফিচার হিসেবে চালু করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৮ বছর বা তার বেশি বয়সী ‘ইউটিউব প্রিমিয়াম’ গ্রাহকরা এটি ব্যবহার করতে পারছেন। এই পরীক্ষাটি আজ থেকে শুরু হয়ে আগামী ৮ জুন পর্যন্ত চলবে।
কিভাবে চালু করবেন
প্রিমিয়াম ব্যবহারকারীদের প্রথমে তাদের অ্যাকাউন্ট থেকে এই পরীক্ষামূলক ফিচারটি সচল করে নিতে হবে। এরপর সার্চ বারে নতুন ‘Ask YouTube’ বাটনটি দেখা যাবে।
শুরুতেই কিছু সীমাবদ্ধতা
প্রযুক্তি বিষয়ক পোর্টাল ‘দ্য ভার্জ’-এর এক পরীক্ষায় দেখা গেছে, অ্যাপোলো ১১-এর চন্দ্রাভিযান বা সাধারণ ঐতিহাসিক তথ্যের ক্ষেত্রে এটি বেশ চমৎকার কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে এআই ভুল তথ্যও প্রদান করছে। যেমন একটি গেমিং কন্ট্রোলার সংক্রান্ত তথ্যে এটি ভুল উত্তর দিয়েছে। এছাড়া অনেক সময় এটি চ্যাটবটের মতো উত্তর না দিয়ে সাধারণ সার্চ রেজাল্টের মতো ভিডিওর তালিকা দেখিয়ে দিচ্ছে।
সাধারণত ইউটিউব ব্যবহারকারীরা এআই-জেনারেটেড কন্টেন্ট বা ‘স্লপ’ অপছন্দ করলেও, এই সার্চ ফিচারটি যদি দ্রুত সঠিক ভিডিও খুঁজে পেতে সাহায্য করে, তবে এটি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করছে গুগল। আপাতত সীমিত পরিসরে পরীক্ষা চললেও সফল হলে বিশ্বের অন্যান্য প্রান্তের ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট







