কিস্তিতে সাবস্ক্রিপশন ফি দেওয়ার সুযোগ দিচ্ছে অ্যাপল
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপ কেনা বা সাবস্ক্রিপশন ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন একটি নিয়ম চালু করছে অ্যাপল। এখন থেকে ব্যবহারকারীরা কোনো অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে এককালীন বড় অংকের টাকা না দিয়ে মাসিক কিস্তিতে সেই ফি পরিশোধ করতে পারবেন। তবে এর জন্য ব্যবহারকারীকে ১২ মাসের একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে।
সোমবার (২৭ এপ্রিল) অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই নতুন সাবস্ক্রিপশন মডেলের ঘোষণা দেয়।
নতুন এই মডেলটি আসলে কী?
সাধারণত অনেক অ্যাপে দেখা যায়, এক মাসের সাবস্ক্রিপশন ফি যদি ১০ ডলার হয়, তবে বার্ষিক সাবস্ক্রিপশন নিলে সেটি ৮০ বা ৯০ ডলারে পাওয়া যায়। অনেক ব্যবহারকারী একবারে এত টাকা দিতে চান না বলে মাসিক অপশনটি বেছে নেন, যা দীর্ঘমেয়াদে ব্যয়বহুল।
অ্যাপলের নতুন এই ফিচারে ব্যবহারকারী বার্ষিক সাবস্ক্রিপশনের ‘ডিসকাউন্ট’ বা ছাড়ের সুবিধাও পাবেন, আবার টাকাও পরিশোধ করতে পারবেন মাসে মাসে। তবে শর্ত হলো, একবার এই সাবস্ক্রিপশন শুরু করলে তাকে অন্তত ১২ মাস পর্যন্ত কিস্তি চালিয়ে যেতে হবে।
বাতিল করার নিয়ম ও শর্তাবলী
ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এই সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন, তবে এতে পেমেন্ট বন্ধ হবে না। যেহেতু এটি ১২ মাসের একটি চুক্তি, তাই সাবস্ক্রিপশন বাতিল করলেও সেই বছরের বাকি মাসগুলোর কিস্তি ব্যবহারকারীর অ্যাপল অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
১২ মাস পূর্ণ হওয়ার পর এটি আবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে। তাই অনিচ্ছাকৃতভাবে টাকা কেটে নেওয়া এড়াতে নবায়নের তারিখের আগেই এটি পুরোপুরি বন্ধ করার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। ব্যবহারকারীরা তাদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে সহজেই দেখে নিতে পারবেন কয়টি কিস্তি দেওয়া হয়েছে এবং আর কতটি বাকি আছে।
যাদের জন্য এই সুবিধা থাকছে না
প্রাথমিকভাবে এই সুবিধাটি যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রে ‘এপিক গেমস’-এর সাথে অ্যাপলের চলমান আইনি জটিলতা এবং সিঙ্গাপুরের কঠোর পেমেন্ট নিয়মনীতির কারণে দেশ দুটিকে আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কখন থেকে পাওয়া যাবে?
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইওএস ২৬.৪ এবং পরবর্তী সংস্করণের ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন। এছাড়া আগামী মে মাসে আইওএস ২৬.৫ সংস্করণটি উন্মুক্ত হলে বিশ্বব্যাপী এটি আরও ব্যাপকভাবে কার্যকর হবে। ডেভেলপাররা এখন থেকেই ‘অ্যাপ স্টোর কানেক্ট’-এর মাধ্যমে তাদের অ্যাপে এই নতুন পেমেন্ট অপশনটি যুক্ত করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ







