মেসেজিংয়ের জন্য আইওএসে এলো ‘এক্সচ্যাট’

মেসেজিংয়ের জন্য আইওএসে এলো ‘এক্সচ্যাট’
২৫ এপ্রিল, ২০২৬ ১৮:০৪  
২৫ এপ্রিল, ২০২৬ ১৩:১৬  

এক্স (সাবেক টুইটার) তাদের মেসেজিং পরিষেবাকে আরও উন্নত করতে আইওএস ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন এবং স্বতন্ত্র অ্যাপ ‘এক্সচ্যাট’। গত শুক্রবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা এক্স-এর বন্ধুদের সাথে চ্যাটিং, ফাইল শেয়ারিং এবং অডিও-ভিডিও কল করার পাশাপাশি গ্রুপ চ্যাটেও অংশ নিতে পারবেন।

ইলন মাস্কের আগের পরিকল্পনা ছিল এক্স-কে একটি ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলা, যেখানে মেসেজিং, পেমেন্ট, শপিং ও এআই- সবই থাকবে এক ছাতার নিচে। তবে ‘এক্সচ্যাট’ উন্মোচনের মাধ্যমে সেই কৌশল থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন এক্স-এর বিভিন্ন পরিষেবাকে আলাদা আলাদা অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে মাস্কের এআই কোম্পানি ‘এক্সএআই’।

এক্সচ্যাট-এর মূল ফিচারসমূহ:
    প্রাইভেসি প্রোটেকশন: ব্যবহারকারীরা চাইলে পাঠানো মেসেজ এডিট করতে পারবেন অথবা সবার জন্য ডিলিট করতে পারবেন।

    নিরাপত্তা: এতে থাকছে নির্দিষ্ট সময় পর মেসেজ মুছে যাওয়ার সুবিধা এবং স্ক্রিনশট ব্লক করার ক্ষমতা।

    বিজ্ঞাপনমুক্ত: এক্স দাবি করেছে, এই অ্যাপে কোনো বিজ্ঞাপন বা ব্যবহারকারীর তথ্য ট্র্যাক করার ব্যবস্থা নেই।

    এনক্রিপশন: সব মেসেজ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’ এবং পিন প্রোটেক্টেড থাকবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা এক্স-এর এই এনক্রিপশন ব্যবস্থার সক্ষমতা নিয়ে আগে থেকেই সংশয় প্রকাশ করে আসছেন। তাদের মতে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এর তুলনায় এটি কতটা নিরাপদ, তা নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

অ্যাপটি চালুর পাশাপাশি এক্স তাদের ‘কমিউনিটিস’ ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত স্প্যাম বা অপ্রাসঙ্গিক বার্তার আধিক্যের কারণে এটি বন্ধ করা হচ্ছে এবং এর সব কার্যক্রম এখন থেকে এক্সচ্যাট অ্যাপে স্থানান্তরিত হবে। 

এক্স-এর প্রধান ডিজাইনার বেঞ্জি টেলর জানিয়েছেন, এক্সচ্যাট কেবল শুরু; ভবিষ্যতে মেসেজিং অভিজ্ঞতা আরও উন্নত করতে আরও অনেক বড় আপডেট আসছে।

ডিবিটেক/বিএমটি  ।   সূত্র: টেকক্রাঞ্চ