নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাক’ দাবি প্রশ্নবিদ্ধ: মাহদী আমিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া নারীবিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর ‘আইডি হ্যাক’ হওয়ার দাবি তোলাকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তার মতে, জামায়াতের আমিরের টুইটারে নারীদের নিয়ে করা পোস্ট সত্যি হলে তা জাতির জন্য হতাশাজনক এবং এ ধরনের নোংরা মন্তব্য মধ্যযুগীয় বর্বরতার শামিল।
১ ফেব্রুয়ারি, রবিবর দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফায়েড অ্যাকাউন্ট হ্যাক হলে তাৎক্ষণিকভাবে জনগণকে অবহিত করাই হলো প্রথম দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে, ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে হ্যাকের দাবি তোলা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
মাহদী আমিন বলেন, সংশ্লিষ্ট সময়ের মধ্যে জামায়াত আমিরের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করা হলেও এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো সতর্কতামূলক পোস্ট দেখা যায়নি। পরে গভীর রাতে, রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছে যে বিকেল ৪টা ৫৫ মিনিটে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানা যায়। তিনি প্রশ্ন তোলেন, যদি সেটাই সত্য হয়, তবে প্রায় ১২ ঘণ্টা পরে কেন জিডি করা হলো এবং এই বিলম্বের যৌক্তিক ব্যাখ্যা কী?
তিনি আরও বলেন, হ্যাকের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবি করাও সন্দেহের জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের উদ্দেশে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা প্রকাশ্য নারীবিদ্বেষের বহিঃপ্রকাশ। তার ভাষায়, “গত ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে দেওয়া একটি পোস্টের অংশ অনুবাদ করলে দাঁড়ায়—‘আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে আনা হলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, যা অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতো।’”
মাহদী আমিন বলেন, বিএনপি সবসময় নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সমঅধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। দেশজুড়ে ও অনলাইনে নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি ঘোষণা দেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, তাদের বট বাহিনী আমাদের নারীদের অনলাইন ও অফলাইনে হেনস্তা করছে। ছাত্রদলের নেতাকর্মীদের সাইবার বুলিং করছে।
তিনি বলেন, নারীরা শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। যে নারী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, পোশাক শ্রমিকের কাজ করছেন, সেই নারীদের নিয়ে জামায়াতের এমন মনোভাব ভাবা যায় না।
সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিটিও/এমইউএম







