নববর্ষ উপলক্ষ্যে এসবিপির হাম সচেতনতা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নববর্ষ উপলক্ষ্যে এসবিপির হাম সচেতনতা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
১৫ এপ্রিল, ২০২৬ ১৯:৪৪  

নববর্ষ উপলক্ষ্যে হাম সচেতনা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি) নামের একটি সংগঠন।  রাজধানীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার কমপ্লেক্স, ধানমন্ডির রবীন্দ্র সরোবর ও  বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় একাধিক বুথ স্থাপন করে সাধারণ মানুষের মধ্যে সেবা প্রদান করা হয়।

১৫ এপ্রিল,বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পেইনের আওতায় ফ্রি ব্লাড প্রেসার চেকআপ, ফ্রি ব্লাড গ্লুকোজ টেস্ট, হাম রোগ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ এবং ওষুধের নিরাপদ ব্যবহার ও স্বাস্থ্যসেবা বিষয়ে ফার্মাসিস্টরা দিকনির্দেশনা দেন।


সংগঠনটি বলছে, ‘এই কার্যক্রমটি  প্রধানমন্ত্রী  তারেক রহমান ঘোষিত উন্নত স্বাস্থ্যব্যবস্থা গঠনের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সেই লক্ষ্য বাস্তবায়নের একটি বাস্তব পদক্ষেপ। পাশাপাশি বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম দিকনির্দেশনায় অনুপ্রাণিত। এই কার্যক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাইস্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা তরুণ সমাজের জনস্বাস্থ্য বিষয়ক দায়িত্বশীল ভূমিকার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে প্রতিফলিত হয়েছে।’

সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি) আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, ‘একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আজকের এই উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন, যেখানে জনসচেতনতা, প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা একসাথে কাজ করছে।’

সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট (এসবিপি) ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃত আকারে পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করছে।

ডিবিটেক/এএইচটি/ইকে