বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ জুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন বোর্ড পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ৫ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, সদস্যপদ নবায়ন ও ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল ২০২৬। এর মধ্যে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, প্রতিষ্ঠানের প্রতিনিধির মনোনয়নপত্র, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
পরবর্তী ধাপে ৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত এবং ১১ থেকে ১৩ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। এরপর ১৪ ও ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২১ মে পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২২ থেকে ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল গ্রহণ চলবে ২৮ থেকে ৩০ মে এবং তা নিষ্পত্তি হবে ৩১ মে থেকে ২ জুনের মধ্যে।
৩ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৬ জুন পর্যন্ত এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুন, শনিবার, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন সংক্রান্ত কোনো আপত্তি থাকলে ২৮ জুন তা দাখিল করা যাবে। আপিল শুনানি শেষে ১ জুলাই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। প্রয়োজনে আপিলের ভিত্তিতে সংশোধিত ফলাফল ৮ জুলাই প্রকাশ করা হতে পারে।
নির্বাচন বোর্ড জানিয়েছে, প্রয়োজনবোধে তফসিলে পরিবর্তন আনার ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সকল তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ডিবিটেক/আইএইচ/এমইউআইএম



