চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রযুক্তি দক্ষতা বাড়ানোর আহ্বান: চসিক মেয়র
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও আধুনিক ওষুধ শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন ডা. শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
৫ এপ্রিল, রবিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে আমাদের তরুণদের এআই, সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যালস খাতে দক্ষতা অর্জন অপরিহার্য।”
জাপানে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, জাপান কেবল উন্নত শিক্ষার দেশ নয়, বরং শৃঙ্খলা, উদ্ভাবন ও দায়িত্ববোধের উৎকৃষ্ট উদাহরণ। সেখানে অর্জিত জ্ঞান ও প্রযুক্তিগত অভিজ্ঞতা দেশে প্রয়োগ করে উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
নগর ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে স্মার্ট ও পরিবেশবান্ধব করতে আধুনিক প্রযুক্তি প্রয়োগের বিকল্প নেই। বর্জ্যকে সম্পদে রূপান্তর করে সার, বিদ্যুৎ ও বিকল্প জ্বালানি উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা স্মার্ট সিটি গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভাষা দক্ষতার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, ইংরেজির পাশাপাশি জাপানি, কোরীয় ও আরবি ভাষায় পারদর্শিতা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ায়। এ লক্ষ্যে চসিকের উদ্যোগে কারিগরি ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এম তারিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, আনশিন জাপান কনসালটেন্সি। মুখ্য আলোচক ছিলেন ড. নাজিম উদ্দিন, উপাচার্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোমান উল্লাহ বাহার, সভাপতি, এসডিজি ইয়ুথ ফোরাম; বখতিয়ার হোসেন, পরিচালক, ওয়েল আপ টেকনোলজি; শাহেদুল ইসলাম, শিক্ষক, নিপ্পন একাডেমি; এবং যুব সংগঠক জসিম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের শেষে জাপানে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
ডিবিটেক/জেএনএস/ইকে







