সাইবার হামলায় আক্রান্ত চ্যানেল ওয়ানের ফেসবুক পেইজ
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরপরই বেসরকারি টেলিভিশন মাধ্যম চ্যানেল ওয়ানের অফিশিয়াল ফেসবুক পেইজে ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও (channelonenewsbd) হ্যাক করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। চ্যানেল ওয়ানের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকে এই আক্রমণ শুরু হয়।
সূত্র বলছে, ‘আনন্দবার্তা’ এবং ‘আলি খান’ নামে দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে মূল প্রতিবেদনটি ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হয়েছে। চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ মনে করে, নিজস্ব প্রতিবেদনের ওপর অন্যের ভুয়া কপিরাইট দাবি ও কন্টেন্ট ব্লক করার এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে একটি বড় ধরনের ষড়যন্ত্র কাজ করছে।
১৮ জুলাই, শনিবার এই সাইবার হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ। এর আগে গত ১৭ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টার ওয়ান বুলেটিমে ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সাথে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা; তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল।
অনুসন্ধানী ওই প্রতিবেদনে সরকারের বিভিন্ন দপ্তরে মীর শাহে আলমের ঠিকাদারি কাজ নিয়ে বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব ঠিকাদারির মধ্যে প্রতিমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজও রয়েছে। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী হওয়ার পরে সরকারের কাছ থেকে তিনি প্রায় ৪০ কোটি টাকার কাজ নিয়েছেন, যা সংবিধান ও নীতিবহির্ভূত বলে আইনবিদ ও সংশ্লিষ্টরা স্পষ্ট মত দিয়েছেন। অনুসন্ধানে দেখা যায়, সংঘবদ্ধ চক্রটি ভুয়া কপিরাইট দাবির পাশাপাশি সংবাদের ফটোকার্ডটিও সরিয়ে ফেলেছে। এরপর রাতভর বট অ্যাকাউন্ট ব্যবহার করে চ্যানেল ওয়ানের বিভিন্ন কনটেন্টে অনবরত রিপোর্ট করা হয়। বিশেষ করে মীর শাহে আলম সংক্রান্ত নতুন কোনো পোস্ট দিলেই ফেসবুকে গণরিপোর্ট করা হচ্ছে। ভুয়া কপিরাইটের অভিযোগে কয়েকটি খবর, কার্ড এমনকি ফেসবুক পেইজের প্রোফাইল ও কাভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য চ্যানেল ওয়ানের ফেসবুক পেইজটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। ১৮ জুলাই শনিবার বিকালে সাইবার হামলাসম্পর্কিত খবরটিও ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়।
চ্যানেল ওয়ান এডিটর ইন চিফ নাজমুল আশরাফ বলেন, "স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঠিকাদারি ব্যবসা নিয়ে করা প্রতিবেদনটি সাংবাদিকতার সকল নিয়ম ও নীতি-নৈতিকতা মেনে তৈরি করা হয়েছে। সুতরাং প্রতিবেদনটির বিষয়ে কারো কোনো বক্তব্য থাকলে নিয়মতান্ত্রিক উপায়ে সেটির প্রতিবাদ করার সুযোগ রয়েছে। কিন্তু প্রচলিত পথে না গিয়ে সাইবার আক্রমণ চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।"
চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ এমন ‘কাপুরুষোচিত’ আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং ফেসবুক পেজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কারিগরি দল কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করেছে।
//ডিবিটেক/ এসআই/এসএমই//





