৪ দিনের মাথায় শত কোটি ভিউ
আগামী ৩১ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। তবে তার আগেই নেট দুনিয়ায় নতুন বিশ্বরেকর্ড গড়লো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) সিনেমাটির ট্রেইলার।
গত ১৭ মার্চ সিনেমাটির ট্রেলারটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় এটি ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ এই ঐতিহাসিক রেকর্ড নথিভুক্ত হয়।
এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ডটি ছিল রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার দখলে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সুপার বোল ইভেন্টে প্রকাশের পর প্রথম দিনেই এটি ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ।
তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড গড়েছে ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের।
ট্রেলারে পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়নও ফুটে উঠেছে। তবে নতুন মোড় হিসেবে দেখা গেছে, এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা কিছুই মনে করতে পারছেন না। অন্যদিকে পিটারের মনে গভীর মমতা থাকলেও এমজেকে বিপদমুক্ত রাখতে সে দূরত্ব বজায় রাখছে। পুরো ট্রেলার জুড়ে একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
ডিবিটেক/এনএইচটি/ইকে



