সফটওয়্যারের সীমাবদ্ধতায় দ্রুত শেষ হয় রেলের টিকিট!
রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও অনিয়ম থাকার কথা স্বীকার করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
২০ মার্চ, শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিশর্দনকালে সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে।
তিনি আরও বলেন, টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালুর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেন, এটি সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও চালু করা হবে। একইসঙ্গে ট্রেন সেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে, যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারে।
ডিবিটেক/বিএন/ইকে



