এক্স-এ আসছে নতুন বিজ্ঞাপন ফরম্যাট
এক্স (সাবেক টুইটার) একটি নতুন বিজ্ঞাপন ফরম্যাট পরীক্ষা করছে, যেখানে কোনো ব্যবহারকারীর পোস্টের সঙ্গেই সংশ্লিষ্ট পণ্যের লিংক দেখানো হচ্ছে। সম্প্রতি ইউরোপের এক ব্যবহারকারীর পোস্টে এই নতুন ফিচার দেখা গেছে। খবর টেকক্রাঞ্চ।
পোর্তুগালে স্টারলিংকের স্যাটেলাইট সেবা ভালো কাজ করছে—এমন একটি পোস্টের নিচে ‘স্টারলিংক নিন’ (Get Starlink) নামের একটি সুপারিশ দেখানো হয়। লিংকটিতে ক্লিক করলে ব্যবহারকারী চলে যান স্টারলিংকের ওয়েবসাইটে।
এক্স-এর পণ্য প্রধান নিকিতা বির এই পরীক্ষার সত্যতা নিশ্চিত করে মন্তব্য করেছেন, “এমন একটি বিজ্ঞাপন পণ্য তৈরি করার চেষ্টা করছি যা বিজ্ঞাপনের মতো মনে হবে না।”
এক্স-এর এক মুখপাত্র জানিয়েছেন, এই নতুন ফরম্যাটটি বর্তমানে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর প্রতিক্রিয়া ও এই বিজ্ঞাপনের কার্যকারিতা মূল্যায়ন করে ভবিষ্যতে এটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেবে।
এক্স সম্প্রতি ক্রিয়েটরদের জন্য ‘পেইড পার্টনারশিপ’ লেবেল চালু করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ম মেনে চলতে সহায়তা করে। এতে পোস্টে ‘অ্যাড’ বা ‘পেইড পার্টনারশিপ’ হ্যাশট্যাগ ব্যবহারের পরিবর্তে এই লেবেল ব্যবহার করা যায়।
এই নতুন বিজ্ঞাপন ফরম্যাট ও পেইড পার্টনারশিপ লেবেল একসঙ্গে কাজ করলে এক্স আরও বেশি মার্কেটার ও ক্রিয়েটর আকর্ষণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এতে ইনস্টাগ্রাম, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এক্স আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
এক্স সম্প্রতি ক্রিয়েটর সাবস্ক্রিপশন সুবিধাও পুনরায় চালু করেছে এবং ঘোষণা করেছে যে তাদের চ্যাটবট গ্রক এখন এক্স-এর দীর্ঘ কনটেন্ট (আর্টিকেলস) পড়তে সক্ষম।
ডিবিটেক/বিএমটি







