আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টায় গায়ক নোবেল গ্রেফতার

আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টায় গায়ক নোবেল গ্রেফতার
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০০  

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে আবারও গ্রেফতার হয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। ২৩ ফেব্রুয়ারি, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।

এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং বিশৃঙ্খল আচরণের কারণে একাধিকবার আইনি ঝামেলার মুখে পড়েছিলেন এই গায়ক।

নতুন করে গ্রেফতার মামলার সূত্র অনুযায়ী, নোবেল এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার নিজস্ব স্টুডিওতে ডেকে আনেন এবং সেখানে তাকে একদিন আটকে রাখেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি ওই তরুণীকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে (PBI) দায়িত্ব দেন। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তাকে ফের গ্রেফতারের বিষয়ে ডেমরা থানার ডিউটি অফিসার নাজমুল আলম জানান, পুরনো একটি মামলায় আদালত থেকে নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি ছিল। ডেমরা থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করলে থানা পুলিশ ওয়ারেন্ট তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডিবিটেক/ডিপিও/এমইউএম