টর্চলাইট জ্বালিয়ে ‘নতুন মাদারীপুর’ গ্রামে শতাধিক হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটানা ঘেটেছে। ২১ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে দুই জন আহত হয়েছেন।
সংঘর্ষের হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এরই জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা চার ঘন্টা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত দুই জন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।’
ডিবিটেক/বিটিও/এমইউএম







