এআই বিনিয়োগ টানতে ২০৪৭ পর্যন্ত শূন্য করের প্রস্তাব ভারতের
কৃত্রিম বুদ্ধিমত্তা–ভিত্তিক অবকাঠামো গড়ে তোলার বৈশ্বিক প্রতিযোগিতায় এগোতে ভারত ২০৪৭ সাল পর্যন্ত বিদেশি ক্লাউড সেবাদাতাদের জন্য শূন্য করের প্রস্তাব দিয়েছে। শর্ত হলো—ভারতের ডেটা সেন্টার থেকে পরিচালিত হয়ে বিদেশে বিক্রি হওয়া সেবার আয়ে কর দিতে হবে না। রোববার দেশটির বার্ষিক বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই করছাড়ের ঘোষণা দেন। খবর টেকক্রাঞ্চ।
তিনি জানান, ভারতের গ্রাহকদের কাছে বিক্রি হওয়া সেবা স্থানীয়ভাবে নিবন্ধিত রিসেলারদের মাধ্যমে দিতে হবে এবং সেগুলোর ওপর দেশীয় কর প্রযোজ্য হবে। বাজেটে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের জন্য ভারতীয় ডেটা সেন্টার অপারেটরদের ক্ষেত্রে ১৫ শতাংশ ‘কস্ট-প্লাস’ সেফ হারবারের প্রস্তাবও রাখা হয়েছে।
অ্যামাজন, গুগল ও মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই কাজের চাপে বিশ্বজুড়ে ডেটা সেন্টার বাড়াচ্ছে; বিনিয়োগের নতুন গন্তব্য হিসেবে ভারতকে সামনে আনতে এই উদ্যোগ।
তবে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, উচ্চ বিদ্যুৎমূল্য ও পানির সংকট এআই–নির্ভর ডেটা সেন্টার সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে বিশ্লেষকদের মত।
ডিবিটেক/বিএমটি



