এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প

এআই সংক্রান্ত নির্বাহী আদেশ স্থগিত করলেন ট্রাম্প
২৩ মে, ২০২৬ ০৯:৪৯  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের ওপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপের বহুল আলোচিত নির্বাহী আদেশটি সই করা থেকে সাময়িকভাবে পিছিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর তীব্র আপত্তি ও শেষ মুহূর্তের লবিংয়ের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দ্রুত উদ্ভাবন ও স্থানীয় প্রযুক্তিশিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় হোয়াইট হাউসের এই পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই নির্বাহী আদেশের লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ, ডেটা সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। তবে সিলিকন ভ্যালির বড় বড় টেক জায়ান্ট ও স্টার্টআপ কমিউনিটি শুরু থেকেই এই খসড়া নীতিমালার কিছু ধারার তীব্র বিরোধিতা করে আসছিল। তাদের দাবি ছিল, খসড়া নীতিমালায় এআই মডেলগুলোর ওপর যেসব কঠোর বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবায়িত হলে বৈশ্বিক বাজারে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা সক্ষমতা হারাবে।

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, "প্রশাসন চায় না কোনো নিয়মের বেড়াজালে মার্কিন প্রযুক্তি খাতের অগ্রযাত্রা থমকে যাক। প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট মনে করেছেন, আদেশটি চূড়ান্ত করার আগে আরও কিছুটা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।"

এদিকে আইটি খাতের এই লবিং সফল হওয়াকে মিশ্র চোখে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক পক্ষ মনে করছে, এতে করে প্রযুক্তি খাতে উদ্ভাবনের গতি বজায় থাকবে এবং নতুন নতুন এআই স্টার্টআপ গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। তবে ভোক্তা অধিকার ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এআই প্রযুক্তির ওপর দ্রুত আইনি নিয়ন্ত্রণ আনা না হলে ডিপফেক, ডেটা চুরি ও ভুল তথ্যের বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রযুক্তি খাতের অংশীজনদের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই একটি ভারসাম্যপূর্ণ ও নতুন খসড়া নীতিমালা তৈরি করা হবে, যা দেশের নিরাপত্তা এবং উদ্ভাবন—দুই পক্ষকেই রক্ষা করবে। তবে এই আদেশ ঠিক কবে নাগাদ চূড়ান্ত রূপ পাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র : অনলাইন