নিষেধাজ্ঞা কাটিয়ে ৫ বছর পর নতুন ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরলো হুয়াওয়ে

পাঁচ বছর পর বাংলাদেশে নতুন উদ্যমে ফিরেছে হুয়াওয়ে। স্মার্টফোন, ফোল্ডেবল, ট্যাব ও ওয়্যারেবল ডিভাইসসহ ১৩টি নতুন পণ্য উন্মোচনের পাশাপাশি দেশীয় পরিবেশক হিসেবে ডিএক্স গ্রুপের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ৫ বছর পর নতুন ডিভাইস নিয়ে দেশের বাজারে ফিরলো হুয়াওয়ে
৮ জুন, ২০২৬ ২৩:৩০  
৯ জুন, ২০২৬ ০০:৩৫  

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর নতুন ডিভাইস ও প্রযুক্তি ইকোসিস্টেম নিয়ে বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বাজারে আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর ধরে সীমিত উপস্থিতির পর এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং অডিও ডিভাইসসহ মোট ১৩টি নতুন পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

৮ জুন, সোমবা  রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত ‘নাও ইজ ইয়োর স্পার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন ডিভাইসগুলোর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রযুক্তি বিশ্লেষক, গণমাধ্যমকর্মী এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

হুয়াওয়ে জানিয়েছে, বাংলাদেশে তাদের ডিভাইসের জাতীয় পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে ডিএক্স গ্রুপ। প্রতিষ্ঠানটি দেশব্যাপী বিক্রয়, ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। 

অনুষ্ঠানে প্রদর্শিত ডিভাইসগুলোর মধ্যে ছিল ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ৮০ প্রো, ফোল্ডেবল মেট এক্স৭, মেটপ্যাড ১১.৫, ওয়াচ ফিট ৫ সিরিজ, ব্যান্ড ১১ এবং ওপেন-ইয়ার অডিও ডিভাইস ফ্রিক্লিপ ২। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হুয়াওয়ের নতুন ডিভাইসগুলো পরখ করে দেখেন উপস্থিত প্রযুক্তিপ্রেমীরা। 

উদ্বোধনীতে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, “উদ্ভাবন সবসময়ই হুয়াওয়ের মূল শক্তি। নতুন প্রজন্মের এসব ডিভাইস ব্যবহারকারীদের সৃজনশীলতা, উৎপাদনশীলতা এবং দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, “হুয়াওয়ের মতো একটি বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া হবে।”

হুয়াওয়ে জানিয়েছে, তাদের নতুন ডিভাইসগুলোতে নিজস্ব হারমোনি ওএস এবং অ্যাপগ্যালারি ইকোসিস্টেমের পাশাপাশি ‘জি-বক্স’ (G-Box) সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা গুগলভিত্তিক বিভিন্ন অ্যাপ ও সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান বলেন, “অ্যাপগ্যালারিতে বর্তমানে হোয়াটসঅ্যাপ, ইমেইল ও বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি গুগল প্লে স্টোরের বিকল্প ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজনীয় অ্যাপও ব্যবহার করতে পারবেন।”

অনুষ্ঠানে কয়েকটি ডিভাইসের মূল্যও ঘোষণা করা হয়। এর মধ্যে—

  • নোভা ওয়াই ৭৪ (৮GB+২৫৬GB) : ২৯,৯৯৯ টাকা
  • নোভা ১৫ ম্যাক্স : ৪৯,৯৯৯ টাকা
  • মেটপ্যাড ১১.৫ : ৪৯,৯৯৯ টাকা
  • মেট এক্স৭ ফোল্ডেবল : ২,৪৯,৯৯৯ টাকা
  • ওয়াচ ফিট ৫ : ১৯,৯৯৯ টাকা
  • ওয়াচ ফিট ৫ প্রো : ২৯,৯৯৯ টাকা
  • ব্যান্ড ১১ সিরিজ : ৪,৯৯৯ থেকে ৬,৪৯৯ টাকা

ডিএক্স গ্রুপের লিড মার্কেটার মো. জান্নাতুল নাঈম জানান, নতুন ডিভাইসগুলো গ্যাজেট অ্যান্ড গিয়ার, সুমাশ টেক, দারাজ এবং পিকাবু-সহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

//ডিবিটেক/ আইএইচ/ ইকে//