নির্মাতাদের কাছে স্মার্টফোনের সোর্স কোড চেয়েছে ভারত
স্মার্টফোন নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নির্মাতাদের কাছ থেকে সোর্স কোড জমা নেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত সরকার। প্রস্তাবিত এই নতুন নীতিমালায় সফটওয়্যার সংক্রান্ত একাধিক পরিবর্তন ও কড়াকড়ি শর্ত অন্তর্ভুক্ত থাকায় অ্যাপল, স্যামসাং, গুগল ও শাওমির মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভেতরে ভেতরে উদ্বেগ প্রকাশ করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রস্তাবনায় মোট ৮৩টি নিরাপত্তা মানদণ্ডের কথা বলা হয়েছে, যার মধ্যে বড় সফটওয়্যার হালনাগাদের আগে সরকারকে অবহিত করা এবং পরীক্ষাগারে সোর্স কোড বিশ্লেষণের সুযোগ দেওয়ার বিষয়টি সবচেয়ে বিতর্কিত।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের বাধ্যবাধকতার আন্তর্জাতিক কোনো নজির নেই এবং এতে কোম্পানিগুলোর মালিকানাধীন প্রযুক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে।
ভারতের তথ্যপ্রযুক্তি সচিব এস. কৃষ্ণন বলেছেন, শিল্পখাতের যৌক্তিক উদ্বেগ খোলা মনে বিবেচনা করা হবে। প্রায় ৭৫ কোটি স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতে অনলাইন জালিয়াতি ও তথ্য ফাঁস বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সোর্স কোড হস্তান্তর বাধ্যতামূলক হলে তা প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সরকারের নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
ডিবিটেক/বিএমটি







