ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
১২ জানুয়ারি, ২০২৬ ১০:১৯  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইন্টারনেট সেবা পুনরুদ্ধারের বিষয়ে তিনি ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে টানা চার দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় তথ্যপ্রবাহ কার্যত স্থবির হয়ে পড়েছে। খবর রয়টার্স।

ওয়াশিংটনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের কাজে ইলন মাস্ক দক্ষ এবং তাঁর প্রতিষ্ঠানের সক্ষমতাও রয়েছে। ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক অতীতে ইরানে ব্যবহৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, যা ২০২২ সালের পর দেশটির ধর্মীয় শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগেও বিক্ষোভের সময় ইরানিদের ইন্টারনেট সীমাবদ্ধতা এড়াতে স্টারলিংক ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছিলেন ইলন মাস্ক।

প্রতিবাদ শুরু হয় গত ২৮ ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে, যা পরে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে রূপ নেয়। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত এবং হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে।

ডিবিটেক/বিএমটি