আটক ৪৬ জনের মুক্তি চেয়ে মোবাইল বিক্রি বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি‘র

আটক ৪৬ জনের মুক্তি চেয়ে মোবাইল বিক্রি বন্ধ রাখার ঘোষণা এমবিসিবি‘র
৬ জানুয়ারি, ২০২৬ ১৫:৫৩  
৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০৫  

বিটিআরসি ভবনে হামলা ও কাওরান বাজার মোড়ে পুলিশের হাতে আটক ৪৬ জনের মুক্তি দাবি করে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। এছাড়াও সংশোধন ছাড়া এনইআইআর বাস্তবায়ন করা হলে শিক্ষার্থী ও প্রবাসীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে দাবি করেছে সংগঠনটির নেতারা।

৬ জানুয়ারি, মঙ্গলবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে এমবিসিবি সাংগঠনিক সম্পাদক শাহ আলম আটক সতীর্থ ব্যবসায়ীদের মুক্তি দাবি করে বলেন, আমাদের দাবি না মানা হলে এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। মোবাইল ফোনের দোকানগুলো শাটডাউন থাকবে। আমরা সহিংস আন্দোলন করি না। মানব বন্ধন করবো।

অপর সদস্য শাহাদাত হোসেন বলেন, আমরা এনইআইআর বিরোধী নই। আমরা এর সংস্কার চাই। 

এসময় বিভিন্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ী আক্তার হোসেন পবন, ইকবাল হোসেন, মোঃ নাসির উদ্দিন, ফয়সাল আজাদ, ইকবাল হোসেন, সেলিমুজ্জামান, কামরুল ইসলাম, সেলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

শুরুতে দেয়া লিখিত বক্তব্যে আনিসুর রহমান সোহেল বলেন, এনইআইআর সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে পুরো মেবাইল বাজার মাত্র ৯টি কোম্পানির দখলে চলে যাবে। সাধারণ মানুষের আর কোনো বিকল্প থাকবে না। বাজার প্রতিযোগিতা শুন্যের কোঠায় নেমে আসবে। 
ডিবিটেক/এমইউএম/একে