নিরাপত্তা ও চীন-সংশ্লিষ্ট উদ্বেগ দেখিয়ে চিপ চুক্তি আটকালেন ট্রাম্প

নিরাপত্তা ও চীন-সংশ্লিষ্ট উদ্বেগ দেখিয়ে চিপ চুক্তি আটকালেন ট্রাম্প
৩ জানুয়ারি, ২০২৬ ১৮:৫৬  

জাতীয় নিরাপত্তা ও চীন-সংশ্লিষ্ট উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিপ-সংক্রান্ত চুক্তি আটকে দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউস জারি করা এক আদেশে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ফোটোনিক্স প্রতিষ্ঠান হাইফো করপোরেশনের মাধ্যমে নিউ জার্সিভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এমকোরের সম্পদ অধিগ্রহণ নিষিদ্ধ করেন বলে জানিয়েছে রয়টার্স।

আদেশে ট্রাম্প বলেন, হাইফো এমন একজন ব্যক্তির নিয়ন্ত্রণে রয়েছে, যিনি গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিক। এর ফলে ২০২৪ সালে এমকোরের ব্যবসা অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি এমন কোনো পদক্ষেপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। যদিও আদেশে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা নির্দিষ্ট উদ্বেগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, হাইফোকে ১৮০ দিনের মধ্যে এমকোরের সংশ্লিষ্ট সব সম্পদ ও স্বার্থ থেকে সরে আসতে হবে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক কমিটি তদন্তে জাতীয় নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছিল বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

এর আগে এমকোর জানিয়েছিল, হাইফো প্রায় ২ দশমিক ৯২ মিলিয়ন ডলারে তাদের চিপস ব্যবসা ও ইন্ডিয়াম-ফসফাইড ওয়েফার উৎপাদন কার্যক্রম কিনে নেয়।

ডিবিটেক/বিএমটি