পেট্রোবাংলা-বিএমটিএফ চুক্তি

গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি

গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি
২৩ ডিসেম্বর, ২০২৫ ০০:০০  
২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৮  

বাংলাদেশে গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার এবং ভবিষ্যতে বিলিং সিস্টেম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) একটি চুক্তি সই করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পেট্রোবাংলার সব পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা  জানায়, ২২ ডিসেম্বর, সোমবার পেট্রোবাংলার বোর্ড রুমে সই হওয়া চুক্তির আওতায় পেট্রোবাংলার অধীন গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিগুলিতে ‘জিপিএস লোকেশনভিত্তিক গ্যাস মিটার ও মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন, কমিশন এবং রক্ষণাবেক্ষণ করা হবে। পেট্রোবাংলার পক্ষ থেকে চুক্তিতে সই করেন সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী।

প্রকল্প বাস্তবায়নের ফলে পেট্রোবাংলার অধীনে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ আরও সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যা সমাধান এবং অতিরিক্ত লোড ব্যবস্থাপনাও কার্যকরভাবে করা যাবে।

এছাড়া এআই ও এলএলএম প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে গ্যাস বিলিং প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় ও দক্ষ করবে। এর ফলে এলাকা ভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা, ব্যবহার পরিমাপ এবং খাতে স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ডিবিটিক/বিটি/ইক