হেডফোনেই তাৎক্ষণিক অনুবাদ শোনাবে গুগল ট্রান্সলেট
ভাষার দেয়াল ভাঙতে নতুন সুবিধা আনছে গুগল ট্রান্সলেট। হেডফোনে সরাসরি তাৎক্ষণিক অনুবাদ শোনার সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।
নতুন এই ফিচারের মাধ্যমে কথোপকথনের স্বর, জোর ও কথার গতি অক্ষুন্ন রেখে অনুবাদ শোনা যাবে, ফলে কে কী বলছে তা বোঝা আরও সহজ হবে। যেকোনো সাধারণ হেডফোন দিয়েই একমুখী রিয়েল টাইম অনুবাদ ডিভাইসের মতো ব্যবহার করা যাবে বলে জানিয়েছে গুগল।
বিদেশে ভ্রমণের সময়, ভিন্ন ভাষার বক্তৃতা বা ক্লাস শোনা, এমনকি অন্য ভাষার চলচ্চিত্র দেখার ক্ষেত্রেও এই সুবিধা কাজে লাগবে। ব্যবহারকারীদের শুধু ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ চালু করলেই পছন্দের ভাষায় অনুবাদ শোনা যাবে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা। এটি সত্তরের বেশি ভাষা সমর্থন করে এবং যেকোনো হেডফোনে কাজ করবে। আগামী বছর আইওএস ও আরও দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
এছাড়া ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি প্রযুক্তি, যা বাগধারা, স্থানীয় কথ্য ভাষা ও সূক্ষ্ম অর্থ আরও স্বাভাবিকভাবে অনুবাদ করতে সহায়তা করবে। ভাষা শেখার টুলও সম্প্রসারণ করা হয়েছে নতুন দেশগুলোতে, যেখানে অনুশীলন, অগ্রগতি নজরদারি ও ব্যক্তিগত পরামর্শ পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি







