জিরো-ডে অ্যাটাক 

গুগল ও অ্যাপলের জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ

গুগল ও অ্যাপলের জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:০০  

জিরো-ডে সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে গুগল ও অ্যাপল। চলতি সপ্তাহে গুগল তাদের ক্রোম ব্রাউজারের একাধিক নিরাপত্তা ত্রুটির জন্য প্যাচ ছাড়ে, যার মধ্যে অন্তত একটি ত্রুটি হ্যাকাররা প্যাচ প্রকাশের আগে সক্রিয়ভাবে ব্যবহার করছিল। খবর টেকক্রাঞ্চ।

শুরুতে গুগল বিস্তারিত কিছু জানায়নি, তবে পরে হালনাগাদ তথ্যে জানানো হয় যে ত্রুটিটি শনাক্ত করেছে অ্যাপলের নিরাপত্তা প্রকৌশল দল এবং গুগলের থ্রেট অ্যানালিসিস গ্রুপ, যারা মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকার ও ভাড়াটে স্পাইওয়্যার নির্মাতাদের নজরদারি করে। এতে ইঙ্গিত মিলছে, হামলাটি সরকারসমর্থিত গোষ্ঠীর কাজ হতে পারে।

একই সময়ে অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাক, ভিশন প্রো, অ্যাপল টিভি, অ্যাপল ওয়াচ ও সাফারি ব্রাউজারের জন্য নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। আইফোন ও আইপ্যাডের পরামর্শ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, দুটি ত্রুটি এমন “অত্যন্ত পরিশীলিত হামলায়” ব্যবহৃত হয়ে থাকতে পারে, যা আইওএস ২৬–এর আগের সংস্করণ চালানো নির্দিষ্ট ব্যবহারকারীদের লক্ষ্য করে চালানো হয়েছিল।

সাধারণত এ ধরনের ভাষা দিয়ে অ্যাপল বোঝায়, অজানা ত্রুটি বা জিরো-ডে ব্যবহার করে সাংবাদিক, ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীদের মতো লক্ষ্যবস্তুদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এ বিষয়ে গুগল ও অ্যাপল তাৎক্ষণিক মন্তব্য করেনি।

ডিবিটেক/বিএমটি