ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করলো বিডা

ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল চালু করলো বিডা
৫ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৫  

 বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অধীন ইনভেস্টমেন্ট বাংলাদেশের ওয়েবসাইটে পৃথক ফিচার হিসেবে চালু হয়েছে ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল।  স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে এই পোর্টালটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সাইট ভিজিট করে দেখা গেছে, সাইটের উপরেই রয়েছে বিটুবি ম্যাচ মেকিং লেখা একটি ট্যাব। এর পাশেই রয়েছে ওয়ার্ন স্টপ সার্ভিস। ম্যাচমেকিং ট্যাবে গেলেই বিনিয়োগকারী না বিনিয়োগ প্রার্থী তা জানতে চাওয়া হয়। এরপরেই আছে লগইন ও নিবন্ধনের অপশন। 

এখানে উদ্যোক্তারা তিনটি সহজ ধাপে পোর্টালে নিবন্ধন করতে পারবেন। প্রথম ধাপে আইডি তৈরি করতে হবে। এরপর উদ্যোক্তা প্রোফাইল সেটআপ করতে হবে এবং শেষ ধাপে মূল ব্যবসায়িক তথ্য সহ একটি প্রকল্প প্রোফাইল তৈরি করতে হবে। 

প্ল্যাটফর্মটি সব ধরনের প্রকল্পের ট্যাব থেকে মিলবে দেশের বিভিন্ন বিনিয়োগ-উপযোগী প্রকল্পের একটি সমন্বিত তালিকা। এছাড়াও ফলো-আপ সেকশনে রয়েছে সমস্ত যোগাযোগ এবং সংযোগ এক জায়গায় ট্র্যাক করার জন্য একটি বিশেষ স্থান। 

এই টুলগুলো বিনিয়োগকারী–উদ্যোক্তা ইন্টারঅ্যাকশন সহজতর করার এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সমন্বয় বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে।

পোর্টালটি বিষয়ে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ গণমাধ্যমকে বলেন, “পোর্টালটি তৈরি করা হয়েছে বাড়তে থাকা চাহিদা পূরণের জন্য। গত এক বছর ধরে স্থানীয় উদ্যোক্তারা প্রায়ই আমাদের কাছে এসেছেন বিদেশি বিনিয়োগকারী খুঁজে দেওয়ার জন্য। একইসঙ্গে, বিদেশি বিনিয়োগকারীরাও আমাদের কাছে আসেন জানতে যে, তাদের জন্য আমরা একজন বাংলাদেশি উদ্যোক্তা খুঁজে দিতে পারি কি না, যার সঙ্গে তারা একটি জয়েন্ট ভেঞ্চার করতে পারবেন। কিন্তু সমস্যা হলো, কেউ কাউকে চেনে না। এই সমস্যার সমাধানের জন্য আমরা বিডা ওয়েবসাইটে একটি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে তারা সহজে সংযোগ স্থাপন করতে পারবে।”

ডিবিটেক/টিবিএস/ইকে