জাপানে ৯.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোন
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা মাইক্রোন টেকনোলজি জাপানে নতুন হাই-ব্যান্ডউইথ মেমোরি (এইচবিএম) চিপ কারখানা নির্মাণে ১.৫ ট্রিলিয়ন ইয়েন (৯.৬ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে। খবর রয়টার্স।
জাপানি দৈনিক নিক্কেই জানিয়েছে, হিরোশিমায় প্রতিষ্ঠানটির বিদ্যমান ক্যাম্পাসেই আগামী বছরের মে মাসে নির্মাণ কাজ শুরু হবে এবং ২০২৮ সাল থেকে উৎপাদন চালুর লক্ষ্য রয়েছে।
প্রতিবেদন অনুসারে, এই প্রকল্পে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সর্বোচ্চ ৫০০ বিলিয়ন ইয়েন সহায়তা দিতে পারে।
জাপান পুরনো হয়ে যাওয়া নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্পকে পুনরুজ্জীবিত করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। মাইক্রোন ও তাইওয়ানের টিএসএমসি–র মতো প্রতিষ্ঠানগুলোকে দেশটিতে উৎপাদন সম্প্রসারণে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি, আইবিএম প্রযুক্তি ব্যবহার করে উন্নত লজিক চিপ উৎপাদনের জন্য আরেকটি বৃহৎ কারখানা নির্মাণেও অর্থায়ন করছে সরকার।
বিশেষজ্ঞদের মতে, জেনারেটিভ এআই–এর বিকাশ এবং ডেটা সেন্টারে বিপুল বিনিয়োগের কারণে এইচবিএম চিপের চাহিদা দ্রুত বাড়ছে। নতুন কারখানা স্থাপনে মাইক্রোন একদিকে যেমন তাইওয়ানের ওপর নির্ভরতা কমাতে পারবে, তেমনি প্রতিযোগী এসকে হাইনিক্স–এর সঙ্গে বাজার দৌড়ে নিজেদের অবস্থানও আরও মজবুত করতে পারবে।
ডিবিটেক/বিএমটি



