ব্যাপক ছাঁটাই শুরু করেছে বাইদু

ব্যাপক ছাঁটাই শুরু করেছে বাইদু
২৯ নভেম্বর, ২০২৫ ১৮:০০  

একের পর এক ত্রুটি ও প্রতিযোগিতার চাপে অস্থির চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু এবার বড় ধরনের ছাঁটাইয়ে নেমেছে। এই সপ্তাহ থেকে শুরু হওয়া কর্মী ছাঁটাই একাধিক ব্যবসায়িক ইউনিটকে প্রভাবিত করবে বলে জানিয়েছে অন্তত ছয়জন সংশ্লিষ্ট ব্যক্তি। খবর রয়টার্স।

চীনের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন পরিচালনাকারী বাইদু ১৮ নভেম্বর প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে লোকসান দেখানোর পরই এ সিদ্ধান্ত নেয়। বছরের বাকি সময়জুড়ে এই ছাঁটাই চলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রগুলো জানায়, মোট কতজন কর্মী ছাঁটাই হচ্ছে তা জানা সম্ভব হয়নি, তবে অভ্যন্তরীণভাবে বিষয়টি “বৃহৎ পরিসরের ছাঁটাই” হিসেবেই দেখা হচ্ছে। কিছু ইউনিটে কর্মদক্ষতার ভিত্তিতে ছাঁটাইয়ের হার ৪০% পর্যন্ত হতে পারে।

এআই বিভাগে কাটছাঁট নয়
খবরে বলা হয়, মোবাইল ইকোসিস্টেম গ্রুপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং–সংক্রান্ত পদগুলো বেশিরভাগই নিরাপদ থাকবে। বরং এআই–সংক্রান্ত কাজে আরও বেশি সম্পদ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাইদুর কর্মীসংখ্যা গত কয়েক বছর ধরেই কমছে—২০২২ সালে ছিল ৪১,৩০০; ২০২৩ সালে ৩৯,৮০০; আর ২০২৪ সালের শেষে নেমে আসে ৩৫,৯০০ জনে।

রাজস্ব কমছে, প্রতিযোগিতা বাড়ছে
বাইদুর টানা দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব কমেছে। তৃতীয় প্রান্তিকে মোট রাজস্ব ৭% কমে যায় এবং অনলাইন বিজ্ঞাপন রাজস্ব ১৮% নিম্নমুখী হয়। এ সময় প্রতিষ্ঠানটি ১১.২৩ বিলিয়ন ইউয়ান (১.৫৯ বিলিয়ন ডলার) লোকসান দেখায়।

এআই–এ দীর্ঘদিন বিনিয়োগ করলেও এ খাত এখনো বাইদুর মূল অনলাইন বিজ্ঞাপন ব্যবসার পতন ঠেকাতে পারেনি। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম রেডনোট ও বাইটড্যান্সের দাইউইন বাজার দখল করে নিচ্ছে।

২০২৩ সালে প্রথম বড় চীনা প্রতিষ্ঠান হিসেবে চ্যাটজিপিটি–ধাঁচের সেবা চালু করলেও বাইদুর আর্নি ভাষা মডেল এখন প্রতিদ্বন্দ্বী আলিবাবা ও ডিপসিক–এর মডেলগুলোর পেছনে পড়ে গেছে। প্রতিষ্ঠানটি এ বছর একাধিক কৌশল পরিবর্তনের পর মডেলটি ওপেন সোর্সেও রূপান্তর করেছে।

ডিবিটেক/বিএমটি