প্রথমবারে এআই ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ

প্রথমবারে এআই ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ
১৬ অক্টোবর, ২০২৫ ১০:০২  

বাংলাদেশে প্রথমবারের মতো দেড় লাখ অবহেলিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিকল্প ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করেছে  বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই এআই ক্রেডিট র‌্যাংকিংয়ে প্রিয়শপের সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংকও। সেপ্টেম্বর জুড়ে টানা একমাস পরীক্ষামূলক এআই মূল্যায়িত ঋণ প্রদানের পর অক্টোবর থেকে পূর্ণদ্যোমে শুরু হয়েছে এই পদ্ধতিটি। প্রিয়শপ থেকে ক্ষুদ্রঋণ গ্রহকারী চার হাজারের সঙ্গে এআই পদ্ধতিতে ঋণ পাওয়ার সাদা তালিকায় এরই মধ্যে যুক্ত হয়েছেন ২,৫০০ ক্ষুদ্র ‍ও কুটির ব্যাবসায়ী। সাধারণত ২০-২৪ শতাংশ হারে ঋণ পাওয়ার ক্ষেত্রে এআই এর মাধ্যমে ব্যবসায়ীর ব্যবসা ও আচরণ বিশ্লেষণ করে নিরূপিত ঋণ প্রদান ব্যবস্থানায় ১২ শতাংশ সুদে ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। 

 এআই ঋণ কার্যক্রম নিয়ে এমনটাই জানিয়েছেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান। তিনি জানান,  রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিক ভাবে একজন মুদি দোকানারকে অফলাইন থেকে অনলাইনে প্রায় অর্ধেক সুদে দেয়া হয় এই ঋণ।  ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি ছাড়াও প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মন্ডল, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঋণ প্রদানে সর্বশেষ প্রযুক্তি নির্ভর এই মডেল বিষয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, “খুচরা ব্যবসায়ীরা প্রতিদিন আমাদের অর্থনীতির ভার বহন করে; তবুও সুবিধাবঞ্চিত থাকে। এই প্রথম এআই-ঋণ বিতরণের মাধ্যমে আমরা কেবল মূলধন উন্মোচন করছি না, আমরা ভবিষ্যতের পথও উন্মোচন করছি। এর মাধ্যমে সহজ ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করলে তারা ১ থেকে ৩ মাস মেয়াদের স্বল্পমেয়াদি ঋণ নিতে পারবেন। খুচরা ব্যবসায়ীদের  ঋণ অনুমোদনের জন্য ব্যবহৃত হবে- গ্রাহকের ডেমোগ্রাফিক তথ্য, ক্রয় ইতিহাস, সাইকোমেট্রিক প্রোফাইল, আচরণগত বিশ্লেষণসহ বেশ কিছু বিষয়। এর ফলে তাৎক্ষণিকভাবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ক্রেডিট স্কোর তৈরি হবে। উদ্যোক্তারা এই ঋণ ব্যবহার করে পণ্যের মজুদ বাড়াতে, ব্যবসার পরিধি সম্প্রসারণে এবং আয়ের সুযোগ বৃদ্ধি করতে পারবেন।”

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত বলেন, “প্রিয়শপের সাথে আমাদের এই অংশীদারিত্ব মুদি দোকানিদের জন্য আর্থিক অন্তর্ভুক্তির প্রতি আমাদের একটি গভীর অঙ্গীকারের প্রতিফলন। প্রিয়শপের অত্যাধুনিক এআই প্রযুক্তির সাথে আমাদের আর্থিক সেবা একত্রিত করে, আমরা এমএসএমই এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নতুন পথ তৈরি করছি।”

এআই-চালিত ঋণের প্রথম গ্রহীতা মুদি দোকানি নজরুল ইসলাম তার স্বস্তির কথা জানিয়ে বলেন, “ঋণ পাওয়াটা সবসময় দুঃস্বপ্নের মতো ছিল। অনেক কাগজপত্র, অনেক প্রত্যাখ্যান সাধারণত পেতে হয় ঋণ পেতে হলে। আজ আমি মাত্র কয়েক মিনিটেই ঋণ পেয়ে গেলাম। এটা আমাকে আমার ব্যবসার জন্য সহজেই পণ্য সংগ্রহ করতে সাহায্য করবে। মনে হচ্ছে সিস্টেমটা অবশেষে আমাদের অনুকূলে।”

প্রিয়শপ কর্ণধার আশিক মনে করেন, এআই-ভিত্তিক বিকল্প ক্রেডিট স্কোরিং বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবনের নতুন মানদণ্ড তৈরি করতে সক্ষম হবে। এটি শুধু ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করবে না বরং সম্মিলিতভাবে একটি স্মার্ট, প্রযুক্তি-নির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক পরিবেশ গড়ে তুলতেও সক্ষম হবে। এটি বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং ২০০ বিলিয়ন ডলারের এমএসএমই অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।