এবার কর্পোরেট কর্মী নিয়োগে মনোযোগ আপওয়ার্কের

এবার কর্পোরেট কর্মী নিয়োগে মনোযোগ আপওয়ার্কের
৯ আগষ্ট, ২০২৫ ১৩:৪০  
৯ আগষ্ট, ২০২৫ ১৭:৪১  

এবার প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর জন্য  স্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে মনোযোগী হয়েছে ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার প্ল্যাটফর্ম আপওয়ার্ক। সে লক্ষ্যেই কর্মী ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান  ‘বাবটি’ এবং বিশ্বজুড়ে কর্মী নিয়োগ ও নিয়মনীতির বিষয় দেখভালকারী প্রতিষ্ঠান ‘এসসেন’ কিনে নিয়েছে তারা। 

জানাগেছে, নতুন এন্টারপ্রাইজ ইউনিটটির ব্র্যান্ডিং ও পূর্ণাঙ্গ পরিষেবার বিস্তারিত ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ আসবে।

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আপওয়ার্কের সিইও হেইডেন ব্রাউন। সাম্প্রতিক সময়ে  বড় কোম্পানিগুলো ফ্রিল্যান্সারদের পাশাপাশি স্থায়ী কাজের জন্য বৈচিত্র্যময় ট্যালেন্টদের চাহিদা জানাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। 

ব্রাউন বলেন, “বর্তমানে যেসব প্রতিষ্ঠান আছে তারা ক্লায়েন্টদের বাধ্য করে বেছে নিতে ফ্লেক্সিবিলিটি না কি কমপ্লায়েন্স, গতি না কি স্কেল, ডিজিটাল টুল না কি শক্তিশালী এন্টারপ্রাইজ সমাধান। কিন্তু আমরা সেখানে কোনো আপস করছি না। আমরা সব কিছু একসঙ্গে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি বড় কোম্পানিগুলো এমন একটি সমাধান চায় যেখানে সব সুবিধা একসঙ্গে থাকবে। নতুন এই পদক্ষেপ সেই চাহিদারই উত্তর।”

এরই পরিপ্রেক্ষিতে  একশোটিরও বেশি কোম্পানি যাচাই-বাছাই করে আপওয়ার্ক কর্তৃপক্ষ এন্টারপ্রাইজ ব্যবসাকে মূল ইউনিট থেকে আলাদা করে আলাদা একটি কোম্পানি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। শেষতক ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘বাবটি’ এবং গ্লোবাল কমপ্লায়েন্স ও ‘এমপ্লয়ার অফ রেকর্ড’ পরিষেবা প্রদানকারী ‘এসসেন’ এর উপর ভরসা রেখেছে আপওয়ার্ক। এ দুই কোম্পানিকে পাইলট প্রোগ্রামে একসঙ্গে পরীক্ষাও চালিয়েছে এরইমধ্যে।

পাইলটে নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন জানিয়ে ব্রাউন বলেছেন, “পাইলটেই আমরা বুঝেছি ওদের টেকনোলজি কতটা কার্যকর আর কত সহজেই আমাদের সঙ্গে মিলিয়ে একদম নতুন কিছু তৈরি করা যায়”। 

আপওয়ার্কের বছরে মোট ৭৫ কোটি ডলার আয়ের মধ্যে এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের অংশ প্রায় ১০ কোটি ডলার। এবার সেই আয়ের ক্ষেত্রটাই আরও বড় করার পথে এগোচ্ছে আপওয়ার্ক।