ছিপছিপে গড়নের টেকসই ফোল্ডেবল ফোন
ছিপছিপে গড়ন ও মজবুত গঠনের ট্যাবলেটের মতো বড় ডিসপ্লেকে একত্রিত করে বুক-স্টাইল ফোল্ডেবল ফোন বিশ্ববাজারে এনেছে অপো। ফোনটি মাত্র ৮.৯৩ মিলিমিটার পুরুত্বের। এটি এর কাছাকাছি প্রতিযোগী ফোল্ডেবল ডিভাইসের তুলনায় ২৬ শতাংশ পাতলা। ভাঁজ করা অবস্থায়ও এটি ৯ মিলিমিটারের কম পুরুত্বে থাকে। খোলা অবস্থায় এটি মাত্র ৪.২১ মিলিমিটার পাতলা। ওজন মাত্র ২২৯ গ্রাম। এটি এর কাছাকাছি প্রতিযোগীর তুলনায় অন্তত ১০ গ্রাম হালকা।
অপো ফাইন্ড এন৫ ফোনটি ব্যবহার করে তাই একইসাথে স্মার্টফোন ও ট্যাবলেট, এই দুইয়ের অভিজ্ঞতা পা্বেন ব্যবহারকারী- এমনটাই দাবি করছে অপো কর্তৃপক্ষ। বলা হয়েছে, ফোনটি বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা অথচ টেকসই ও শক্তিশালী স্মার্টফোন এবং ওয়াটার রেজিজট্যান্স সহ প্রথম ফোল্ডেবল।
ফাইন্ড এন৫ ফোনটি টাইটানিয়াম অ্যালয় ফ্লেক্সন হিং (কব্জা) ব্যবহার করা হয়েছে। এর হিং কভার ও উইং প্লেট দুটিই অ্যারোস্পেস-গ্রেডের গ্রেড ৫ টাইটানিয়াম অ্যালয় থেকে থ্রিডি প্রিন্ট করা। ফলে এই ডিভাইসে ব্যবহৃত হিং এর আগের প্রজন্মের তুলনায় ৩৬ শতাংশ বেশি দৃঢ় ও ২৬ শতাংশ পর্যন্ত আকারে ছোট।
এছাড়াও, ফাইন্ড এন৫ টিইউভি রাইনল্যান্ড রিলায়েবল ফোল্ডিং সার্টিফিকেশন অর্জন করেছে; যা ৫০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ১ লক্ষ বার ভাঁজ খোলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর ফ্রেম কাস্টমাইজড ৭০০০-সিরিজ অ্যালুমিনিয়াম থেকে তৈরি, যা আগের প্রজন্মের চেয়ে ৩০ শতাংশ বেশি শক্তিশালী। এর উন্নত অ্যারোস্পেস-গ্রেডের ফাইবার থেকে তৈরি ব্যাক কভার ৪৩ শতাংশ পাতলা এবং ড্রপ টেস্টে আরও বেশি স্থিতিস্থাপক। ডিভাইসটির ভেতরে ব্যাটারি কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়াম-সিরামিক কম্পোজিট। ফলে এটি একইসাথে শক্তির সক্ষমতা বৃদ্ধি করে আবার, জায়গার পুরুত্বও কমিয়ে আনে। এর কোয়াড-স্ট্যাকিং মাদারবোর্ড আগের প্রজন্মের তুলনায় ২০ শতাংশ পাতলা ও ৩১ শতাংশ পর্যন্ত আকারে ছোট।
আইপিএক্স৬, আইপিএক্স৮ ও আইপিএক্স৯ সার্টিফিকেশন অর্জনকারী বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ফাইন্ড এন৫ বৃষ্টি বা পানিতে পড়ে যাওয়ার মতো বাস্তব জীবনের পরিস্থিতি অনায়াসে মোকাবিলা করতে পারে। এই ওয়াটার রেজিজট্যান্সের জন্য ফাইন্ড এন৫ একটি উদ্ভাবনী মাল্টি-লেয়ার ওয়াটার-প্রুফ স্ট্রাকচার ব্যবহার করে, যেখানে অ্যাডহেসিভ ব্যাকিং ও নিখুঁত ডিসপেনসিং একটি সুরক্ষিত বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে ফোনটি কবে বাংলাদেশের বাজারে আসবে কিংবা দাম কত হবে সে বিষয়টি এখনি খোলাসা করতে চায় না অপো বাংলাদেশ।







