২৪ জুন দেশে গুগল পে’র আনুষ্ঠানিক উদ্বোধন
আগামী ২৪ জুন রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় বাংলাদেশে এ সেবা চালু করছে সিটি ব্যাংক। এতে ফ্রিল্যান্সার বা রেমিট্যান্স গ্রহীতাদের জন্য বড় সুবিধা সৃষ্টি হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
সেবাটি উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এসময় যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাসের চ্যর্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত থাকবেন।
প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংকও যুক্ত হলে সে সুযোগ আরও প্রসারিত হবে।
গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট-অব-সেল (পস) টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরবচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না।
সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে।
গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না। এতে কার্ডের মূল তথ্যের পরিবর্তে একটি ‘টোকেন’ ব্যবহার করে গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।







