‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ তে থাকছে ফোন নম্বর যুক্তের বাধ্যবাধকতা

১১ অক্টোবর, ২০২২ ১৬:৪৫  
২৮ অক্টোবর, শুক্রবার প্রকাশ করা হবে ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’। তবে গত সপ্তাহে ‘ওভারওয়াচ ২’ গেইমাররা যে সমস্যায় পড়েছেন, তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে গেইমটিতে। ফলে গেইম খেলতে ‘ব্যাটল ডটনেট’ ওয়েবসাইটে ফোন নাম্বারের মাধ্যমে নিবন্ধন করতে হবে গেইমারদের। তবে ‘মডার্ন ওয়ারফেয়ার ২’ খেলতে ব্যাটল ডটনেট ও স্টিম দুটোতেই ফোন নাম্বার দেওয়ার বাধ্যবাধকতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড রাখবে কি না, সেটি এখনও পরিষ্কার নয়। যদিও দুটো ডিজিটাল স্টোরেই মিলবে গেইমটি। প্রযুক্তিবিষয়ক সাইট পিসিগেইমারের প্রতিবেদন অনুযায়ী,ব্যাটল ডটনেট অ্যাকাউন্টে মোট তিনটি গেইমের জন্য ‘ফোন নাম্বার যোগ করার বাধ্যবাধকতা’ আরোপ করা হয়েছে। এই ফোন নাম্বার ভেরিফিকেশন ব্যবস্থাকে ‘এসএমএস প্রটেক্ট’ নামে অভিহিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড। রেডিটের কয়েকজন গেমারের বরাত দিয়ে ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, স্টিমের মাধ্যমে গেইমটির বেটা সংস্করণ খেলার চেষ্টা করলে তাদের কাছে ফোন নাম্বার চাইছে সাইটটি। তবে, অনেকে এটি নাকচও করেছেন। এখন কেবল ব্যাটল ডটনেটেই মিলছে ‘ওভারওয়াচ ২’। অ্যাক্টিভিশন ব্লিজার্ড বলেছে, ‘ওভারওয়াচে’র প্রথম সংস্করণ খেলা গেইমারদের মধ্যে যাদের ব্যাটল ডটনেট অ্যাকাউন্ট আছে তাদের জন্য ‘ওভারওয়াচ ২’ গেইমের ‘এসএমএস প্রটেক্ট’ ব্যবস্থা শিথিল করছে তারা। ‘কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২’ গেইমারদের বেলায় একই ধরনের সুবিধা মিলবে কি না, সেটি পরিষ্কার নয়। এই প্রসঙ্গে ভার্জ অ্যাক্টিভিশন ব্লিজার্ডের অবস্থান জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি তাদের সাপোর্ট পেজে লিখেছে, ”বিনামূল্যের অ্যাকাউন্ট সংখ্যা সীমিত করার এই ব্যবস্থা গেইমারের কার্যক্রম জবাবদিহিতায় সাহায্য করবে। এর ফলে, বাজে আচরণ ও প্রতারণা কমে আসার পাশাপাশি সকল গেইমারের জন্য একটি ইতিবাচক কমিউনিটি অভিজ্ঞতা নিশ্চিত করবে।” তবে কেবল টেক্সট-সক্রিয় মোবাইল ফোনের কথা বিবেচনা করে তৈরি হয়েছে এসএমএস প্রটেক্ট। তাই, সকল ফোন নাম্বার সমানভাবে দেখে না এই ব্যবস্থাটি। এজন্য ব্যাটল ডটনেটের আলাদা একটি সাপোর্ট পেজে বিষয়টি পরিস্কার করে বলা হয়েছে, “প্রিপেইড পরিকল্পনায় থাকা মোবাইল ফোনে নোটিফিকেশন সেবা কাজ না-ও করতে পারে।” প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সেবাটি ‘ভিওআইপি’ নাম্বারেও কাজ করে না। ফলে, সেবাটি কেবল পোস্টপেইড সেলুলার সেবাতেই সীমিত। এতে বিশ্বের বিভিন্ন গেইমারের জন্য এটি হয়তো সাশ্রয়ী বা সহজে প্রবেশযোগ্য হবে না। যদিও গেইম খেলতে গেইমারের ফোন নাম্বার দেওয়ার বিষয়টি একেবারে নতুন কিছু নয়। এর আগে ‘ডোটা ২’ ও ‘রেইনবো সিক্স সিজ’ দুটো গেইমেই এর প্রয়োজন পড়েছিল। তবে, আগের ঘটনাগুলোতে প্রিপেইড ফোন নম্বর নিয়ে এতো বিশদ আলোচনা হয়নি।