২৮ অক্টোবর ঘিরে ‘উৎকণ্ঠা’ : ডাক ও বিনা’র চাকরি পরিক্ষা স্থগিত

২৬ অক্টোবর, ২০২৩ ১৩:১১  

আগামী ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠাকে আমলে নিয়ে শুক্র ও শনিবারের (২৭ ও ২৮ অক্টোবর) চাকরি পরীক্ষা স্থগিত করেছে ডাক বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।

বৃহস্পতিবার ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫-২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই বা নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষার পরবর্তী সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমেএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এছাড়া বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো।

পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। তবে জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঢাকার ২৭ কেন্দ্রে এ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় ৬৭ হাজার। চাকরিপ্রার্থীরা এ পরীক্ষাটিও স্থগিতের দাবি জানিয়েছেন।