সিরাজগঞ্জশপের সিইওসহ নগদের ৮ অ্যাকাউন্ট স্থগিত, নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা

২২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৪৮  
ত্রুটিপূর্ণ রিফান্ডের সঙ্গে যুক্ত ৮ অ্যাকাউন্ট সনাক্ত করেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব অ্যাকাউন্টের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নগদ আরও জানিয়েছে, স্থগিত হওয়া এসব অ্যাকাউন্টের মালিক সিরাজগঞ্জশপ ডটকমের সিইও জুয়েল রানা ছাড়াও তার পরিবারের সদস্য, ব্যবসায়ীক সহযোগী এবং কর্মচারীরা রয়েছেন। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, সপ্তাহ তিনেক আগে সিরাজগঞ্জশপ ও আলাদীনের প্রদীপ ই-কমার্স প্ল্যাটফর্মে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের লক্ষণ দেখা দিলে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সিস্টেম ‘নগদ’ অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে হোল্ড করে দেয়। পরবর্তীতে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এই অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়।