সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: উপদেষ্টা

২২ আগষ্ট, ২০২৪ ১৬:৫৪  

কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কথা বলেন।

তিনি বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো, দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এ নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।

তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের ভেতর কোনো টানাপোড়েন যেন না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যেন দু’দেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।

দুই দেশের সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে এ উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ভারতের নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন দিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব, বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতে যেন বাংলাদেশ-ভারত রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সামাজিক ও রাজনৈতিক শক্তি এবং জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক গণঅভ্যুত্থানে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল।

দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদেরও মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার অনুরোধ করেন এ উপদেষ্টা।

বন্যাকবলিত মানুষকে কীভাবে আরও দক্ষতার সঙ্গে উদ্ধার করা যায়, সরকার সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সেই চেষ্টা করছে বলে জানান নাহিদ ইসলাম।

ব্রিফিংয়ে আরও কথা বলেন, অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরায় ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, বাংলাদেশে এমন একটি উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এটা বাস্তবে সঠিক নয়।