রাশিয়ায় স্মার্ট ডিভাইসে স্থানীয় সফটওয়্যার বাধ্যতামূলকের প্রস্তাব

২১ জুলাই, ২০১৯ ০০:৩০  
রাশিয়ায় যেসব স্মার্টফোন, কম্পিউটার এবং স্মার্ট টেলিভিশন বিক্রি করা হবে সেগুলোতে নির্ধারিত কিছু রাশিয়ান সফটওয়্যার প্রি-ইনস্টল থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব জানানো হয়েছে। একটি খসড়া বিলে রাশিয়ার আইনপ্রণেতারা এই প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার বিলটি পার্লামেন্টের লোয়ার হাউজে উপস্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে কর্তৃপক্ষ কিছু বাধ্যতামূলত সফটওয়্যারের তালিকা করছেন। যদি বিলটি পাস হয় তাহলে আগামী বছরের জুলাই থেকে সেটি বাস্তবায়ন হবে। রাশিয়ার সেলফোন বাজারে বর্তমানে অ্যাপল, স্যামসাং এবং হুয়াওয়ের পণ্য সিংহভাগ অংশ দখল করে আছে। যেসব কোম্পানি নির্ধারিত সফটওয়্যারগুলো ছাড়া ডিভাইস বিক্রি করবে তাদেরকে ৭৯০ ডলার থেকে ৩১৭০ ডলার জরিমানা করার বিধানও থাকছে এই বিলে, যা ২০২১ সালের জানুয়ারি থেকে প্রয়োগের কথা বলা হয়েছে। ডিবিটেক/বিএমটি