বিসিএস সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ‘সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস’ প্রশিক্ষণ

১৪ মার্চ, ২০২১ ১৬:৩০  
  বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ‘সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্কপ্লেস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। শনিবার অনলাইনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। তিনি বলেন, অফিস, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা থেকে শুরু করে এমন কোন খাত নেই যে খাতে ডিজিটাল শব্দ যুক্ত হয়নি। নিজের কর্মক্ষেত্রকে আমরা যেমন গুছিয়ে রাখি, অনলাইন অফিসের ক্ষেত্রেও সাইবার নিরাপত্তা এবং সুসজ্জিতকরণও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইবার নিরাপত্তার বিষয়কে আমরা প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছি। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজের অনলাইন কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকতে হবে। গুগল, ফেসবুক, মাইক্রোসফটসহ যতো নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, তারা বহু আগে থেকেই বাসায় বসে কর্মীদের কাজের সুবিধা দিয়ে যাচ্ছে। কাজকে সহজ করার জন্য ইন্টারনেটের জগতে অনেক অ্যাপস, সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যার বা অ্যাপসগুলো ঠিকমতো ব্যবহার করতে না জানলে তা বিপদের কারণ হতে পারে বললেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। বিশেষ অতিথির বক্তব্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম এনডিসি বলেন, নিজের বাসা বা বিল্ডিং এর নিরাপত্তায় আমরা যেমন কয়েক স্তরের নিরাপত্তার কথা ভাবি তেমনি অনলাইন কর্মক্ষেত্রেও এধরণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরী। বিশেষ করে অনলাইনে ডাটা বা তথ্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ডিজিটাল তথ্য নিরাপদ রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহিম খান। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মাইক্রোসফট সাউথ এশিয়া এনএম এর সিওও জায়েদ আলকাদী এবং চিফ পার্টনার অফিসার এএনএইচ ফা। বিসিএস যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিএস এর সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো.কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁঞা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন স্মার্ট টেকনোলোজিস বিডি লিমিটেডের সফটওয়্যার বিজনেস এর প্রধান মো. মিরসাদ হোসাইন। প্রশিক্ষণ কর্মসূচীতে অতিথি বক্তা হিসেবে ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের হেড অব চ্যানেল সেলস হোসেইন মাশরুর। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং মাইক্রোসফটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।