ফ্রন্টিয়ার টেকনোলজি-ভিত্তিক গবেষণাকেন্দ্র স্থাপন, ৫ বছরে হবে ১০ লাখ স্মার্ট কর্মসংস্থান

৬ জুন, ২০২৪ ২৩:২৯  

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মাথায় রেখে আসছে অর্থবছরে ফ্রন্টিয়ার টেকনোলজি-ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একইসঙ্গে চতুর্থ শিল্পবিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ৫ বছরে ১০ লাখ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার। এসময়ে এ খাতে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ আসবে বলে আশা করছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

মাহমুদ আলী বলেন, ২০৩১ সালের মধ্যে অর্থনীতির সব ক্ষেত্রে ফ্রন্টিয়ার টেকনোলজিতে সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিবেচনায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, সেমিকনডাক্টর, স্পেস ও জিওস্পেশিয়াল প্রযুক্তিসহ চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিকে কেন্দ্র করে ফ্রন্টিয়ার টেকনোলজি-ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে।  

তিনি বলেন, আইসিটি খাতের রপ্তানির পরিমাণ আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার এবং ২০৪১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে। এ খাতের অংশীজনদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সব সেক্টরে স্মার্ট হয়ে ওঠার মানদণ্ড তৈরির পাশাপাশি তৃণমূলসহ দেশব্যাপী উদ্ভাবন ও গবেষণা উৎসাহিত করতে পরিকল্পিত কার্যক্রম নেওয়া হবে।