পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ হয়নি : উপদেষ্টা নাহিদ

২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:১২  

পার্বত্য চট্টগ্রামে কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালের ফেনীর ছাগলনাইয়ায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।

নাহিদ আরো বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যকার উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকার ইন্টারনেট বন্ধ করেছে বলে যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। পার্বত্য অঞ্চলের ইন্টারনেট সচল রয়েছে।

এ নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধের সংবাদের প্রেক্ষিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিটিআরসির কাছে ব্যাখ্যা চাইলে তারা জানায় মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোন নির্দেশনা বিটিআরসি দেয়নি। তবে ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয় এর ফলে অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় রবির ষোলটি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে চৌদ্দটি ঠিক করা হয়েছে দুটি মেরামত চলছে। এ কারণে মোবাইল ইন্টারনেট সংযোগ কিছুটা ব্যাঘাত ঘটেছে যা বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছে।

‘সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় ও মেরামত কাজের বিলম্ব ঘটে পরবর্তীতে টেলিকমিউনিকেশনের সকল কাজ ১৪৪ ধারার আওতামুক্ত ঘোষণা করা হয়’- যোগ করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দীন।

তিনি জানান, এ বিষয়ে ইন্টারনেট সেবাদানকারী আইএসপিদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিলো। উত্তরে তারা জানায়, খাগড়াছড়ি ও রাংঙ্গামাটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল আছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোন কোন এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত রয়েছে। তবে উক্ত এলাকায় আইএসপি অপারেটরদের ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুন:স্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ প্রদানের কার্যক্রম চলছে অতি দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফিরবে।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পার্বত্য এলাকার জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।