নিযুক্ত হয়ে হোয়াটসঅ্যাপেই ১৭০০ অভিযোগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা
অন্তর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর কেবল হোয়াটস অ্যাপেই ১ হাজার ৭০০টি বার্তায় অভিযোগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে এসব অভিযোগের বেশিরভাগই অর্থ-বাণিজ্য সংশ্লিষ্ট।
রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত '২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। সালেহউদ্দিন আহমেদ বলেছেন, 'আমি টেলিফোনে কথা বলতে পারি না। একটার পর একটা মেসেজ আসতেই থাকে।'
‘স্যার আমার টাকা চুরি হয়ে গেছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন’- এমন সব অভিযোগও পাচ্ছি। অভিযোগগুলো শুনে মনে হয়েছে, এগুলোর মধ্যে আসলেই সমস্যা আছে, সেই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'এখন যতটা অ্যাকসেস পাচ্ছে, আগে এতোটা ছিল না। তবে অভিযোগ দেওয়ার কারণে আমি কারও প্রতি কোনো ধরনের মাইন্ড করিনি।'
তার ভাষ্য, 'দায়িত্ব নেওয়ার পর এখন অনেক কিছুই দেখতে পাচ্ছি। পুরোটা না বলি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, শেয়ার বাজারের বিষয়ে আমার কাছে অনেকেই এসেছেন। তারা অভিযোগ করেছেন- এই লোক ভালো না, ওই লোক চুরির সঙ্গে জড়িত, তাকে সরিয়ে দেন। ও ভালো, ওকে রাখা হোক। এমন আরও অনেক কথা।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আইসিএবি সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন প্রমুখ।







