ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে ভিওন ও বাংলালিংক
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাংলালিংক-এর সাথে সম্মিলিতভাবে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করার ঘোষণা দিয়েছে বাংলালিংক এর পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ভিওন।
ভিওন বলছে, ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের অনুমতি দেওয়া হলে বাংলালিংক-এর কার্যক্রম ফিনটেকে সম্প্রসারিত হবে, যার ফলে ডিজিটাল অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি ভিওন-এর দক্ষতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা দিতে পারবে। ভিওন গ্রুপ ৬টি দেশে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে ২ কোটি ৬০ লক্ষ সক্রিয় গ্রাহককে ফিন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে। কিছু দেশে প্রতিষ্ঠানটি ডিজিটাল লোন সার্ভিসও প্রদান করছে।
বৃহস্পতিবার এ নিয়ে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন,"বাংলাদেশ ১৭.৩ কোটি মানুষের একটি দেশ, যেখানে ব্যাংকিং সেবার পরিসর সীমিত। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশন বাংলাদেশের জনগণের জন্য বিপুল সম্ভাবনা নিয়ে আসবে। বাংলালিংক এই যাত্রার প্রথম পর্যায়ে দেশের জনগণকে সেবা দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে। এখন আমরা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত। এই পদক্ষেপের জন্য আমরা বাংলালিংক-এর ও আমাদের গ্রুপ পর্যায়ের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগাবো।
ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লো বলেছেন, "ডিজিটাল ব্যাংকিং-এর প্রতি বাংলালিংক-এর আগ্রহ ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওন-এর প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করে। এটি ভিওন-এর ডিজিটাল অপারেটর কৌশলের একটি মূল ভিত্তি, যা আমাদের সব মার্কেটে চালু রয়েছে। বাংলালিংক-কে এর উদ্ভাবন, ফিন্যান্সিয়াল ইনক্লুশন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কার্যক্রমকে সহযোগিতা করার মতো দক্ষতা আমাদের রয়েছে৷ ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য এই পদক্ষেপের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রবৃদ্ধির লক্ষ্যকে ত্বরান্বিত করতে চাই। বাংলালিংক এর ডিজিটাল সেবার মাধ্যমে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের জন্য যে উদ্যোগ নিয়েছে তার ওপর ভিত্তি করেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।"
দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক ৪.২ কোটিরও বেশি গ্রাহককে ডিজিটাল সেবা প্রদান করছে। মাইবিএল সুপার অ্যাপ থেকে মাসিক ৭১ লক্ষ সক্রিয় ব্যবহারকারী নিয়ে ডিজিটাল সম্পৃক্ততার বিশেষ উদাহরণ সৃষ্টি করেছে। ওটিটি প্ল্যাটফর্ম টফি-তে প্রতি মাসে প্রায় ১ কোটি দর্শককে অডিও এবং ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান করে।







