টিকটক নিষেধাজ্ঞার প্রভাবে কপাল খুলেছে ডুয়োলিংগোর

টিকটক নিষেধাজ্ঞার প্রভাবে কপাল খুলেছে ডুয়োলিংগোর
১৬ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৬  

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের প্রেক্ষিতে চীনা সামাজিক অ্যাপ রেডনোট ব্যবহার শুরু করেছেন অনেক ব্যবহারকারী। এ অবস্থায় চীনা ভাষা ম্যান্ডারিন শেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে, যার ফলে ডুয়োলিংগো অ্যাপে ম্যান্ডারিন শেখার হার ২১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর টেকক্রাঞ্চ।

টিকটক নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি। আইন অনুযায়ী, টিকটক যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে এবং ব্যবহারকারীরা ভিপিএন ছাড়া এটি ব্যবহার করতে পারবেন না। এর ফলে ৭০০ মিলিয়নের বেশি টিকটক ব্যবহারকারী রেডনোটে স্থানান্তরিত হচ্ছেন।

রেডনোটের মূল ভাষা ম্যান্ডারিন হওয়ায় অনেক মার্কিন ব্যবহারকারী ভাষা শেখার জন্য ডুয়োলিংগোর শরণাপন্ন হচ্ছেন। ডুয়োলিংগো জানিয়েছে, তাদের অ্যাপে গত বছরের তুলনায় ম্যান্ডারিন শেখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারির মাঝামাঝি থেকে রেডনোটের ব্যবহার শুরু হওয়ার পর এটি আরও বাড়তে থাকে।

ডুয়োলিংগো মজার ছলে টিকটকে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে তাদের মাসকটকে চীনে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। ভিডিওটিতে লেখা ছিল, “চীনে চলে যাচ্ছি এবং ডুয়োলিংগোতে ম্যান্ডারিন শিখছি”। ভিডিওটি এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি লাইক পেয়েছে।

অ্যাপফিগারসের তথ্য অনুযায়ী, ডুয়োলিংগোর ডাউনলোড হার জানুয়ারির শুরু থেকেই ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি প্রমাণ করে যে, রেডনোট গ্রহণ করার আগে ব্যবহারকারীরা বিভিন্ন চীনা সামাজিক অ্যাপ পরীক্ষা করেছেন।

বর্তমানে ডুয়োলিংগো অ্যাপ স্টোরের শীর্ষ অ্যাপ তালিকায় ২২তম অবস্থানে রয়েছে।